সিআইটিইউ অনুমোদিত পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন দার্জিলিঙ জেলা কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমা শাসকদের দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার দুপুরে নয় দফা দাবিকে সামনে রেখে এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে মিড ডে মিলের বেসরকারীকরণ বন্ধ করা, ইস্কনের হাতে প্রকল্প তুলে দেবার সিদ্ধান্ত প্রত্যাহার করা, ন্যূনতম ২৬ হাজার টাকা মাসিক বেতন চালু নিশ্চিত করা, দশ মাসের পরিবর্তে ১২ মাস কাজের জন্য ১২ মাসের সাম্মানিক দেওয়া, ডিম সহ সমস্ত পুষ্টিকর খাদ্য মিড ডে মিলে চালু করা, সমস্ত মিড ডে মিল কর্মীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা, বিনামূল্যে চিকিৎসার জন্য স্বাস্থ্য কার্ড দেওয়া, বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করা, নিজস্ব ব্যাঙ্ক আকাউন্টে বেতন দেওয়া ইত্যাদি। ক্লাস রুম ও বাথরুম পরিষ্কার করানো, ঘর মোছানো সহ নিয়ম বহির্ভূতভাবে মিড ডে মিলের কর্মীদের দিয়ে করানো নানা কাজকর্মের বিরুদ্ধে এদিনের কর্মসূচিতে সবর হন কর্মী রাধিকা বর্মন, অপর্না দাস, দূর্গা বিশ্বাস-রা।
স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা সমন পাঠক, সিআইটিইউ দার্জিলিঙ জেলা সভাপতি মোহন পান্ডা, দার্জিলিঙ জেলা কমিটির সম্পাদক মদন সাহা, বিমল পাল, তিলক গুন, সুদীপ ভট্টাচার্য, প্রদীপ ঘোষ প্রমুখ। রাজ্য বাজেটে মিড ডে মিলের গোটা প্রক্রিয়াটাকে ইস্কনের হাতে তুলে দেবার রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন দার্জিলিঙ জেলা কমিটির সম্পাদক মদন সাহা এদিন বলেন, সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্লকে ব্লকে ১০ জুলাইয়ের জন্য ডেপুটেশন কর্মসূচির অঙ্গ হিসেবেই আজকের মিছিল ও শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন কর্মসূচি। সরকারি মিড ডে মিল প্রকল্পকে পরিপুষ্ট করার জন্য এই প্রকল্পের সাথে যুক্ত কর্মীরা দীর্ঘ ১৫/২০ বছর যাবৎ মাত্র হাজার টাকা বেতন বৃদ্ধির মাধ্যমে কাজ করে প্রকল্পকে টিকিয়ে রেখেছে। কিন্তু বিগত সরকারের সময়েও গোটা রাজ্য জুড়ে মিড ডে মিল কর্মীদের বঞ্চনার শিকার হতে হয়েছে। বর্তমান সরকারও এই প্রকল্পের কর্মীদের সাথে বঞ্চনা করছে। প্রতিবাদে লড়াই আন্দোলন চলছে। আগামীদিনেও চলবে।
মহকুমা শাসকের অনুপস্থিতিতে আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। স্মারকলিপি গ্রহণ করে দাবি বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। স্মারকলিপি প্রদান কর্মসূচি শেষে মহকুমা শাসকের দপ্তরের সামনে থেকে একটি মিছিল সংগঠিত হয়। মিড ডে মিল কর্মীদের সরকার কর্মীর স্বীকৃতি দেওয়া, তাদের জন্য কুকিং ও ক্যাটারিং প্রশিক্ষনের ব্যবস্থা করা, উৎসব ভাতা চালু, বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করার দাবিতে মিছিল থেকে আওয়াজ উঠেছে। মিছিল হিলকার্ট রোড ধরে এগিয়ে গিয়ে এসে ভেনাস মোড়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
Mid-Day Meal Workers
শিলিগুড়ি মহকুমা শাসকদের দপ্তরে স্মারকলিপি মিড ডে মিল কর্মীদের
×
Comments :0