এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার, নাকি খুন করা হয়েছে তাকে? ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে, কোচবিহার ২নং ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়গিলা এলাকায়। মৃতের নাম তাপস সরকার, বয়স ৩৬বছর।
সংশ্লিষ্ট এই এলাকার পার্শ্ববর্তী খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত তল্লিতলা এলাকার বাসিন্দা এই তাপস সরকার পেশায় ছিলেন গাড়িচালক। বর্তমানে কোচবিহার জেলা শাসকের দপ্তরের গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন তিনি। মঙ্গলবার গভীর রাতে পেট্রোলিং করতে গিয়ে এই বড়গিলা এলাকায় রাস্তার ওপর থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ। এরপর তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। এখানেই কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রথমাবস্থায় এটা নিছক পথ দুর্ঘটনায় মৃত্যু মনে করা হলেও মৃতের দেহে আঘাতের চিহ্ন দেখে এবং ঘটনাস্থল পর্যবেক্ষণ করে প্রাথমিক অবস্থায় মনে করা হচ্ছে তাপস সরকারকে রীতিমতো খুন করা হয়েছে।
এই ঘটনার পরই জিজ্ঞাসাবাদ এর জন্য দুজনকে আটক করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ।
মৃতের পরিবারের পক্ষ থেকে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যার পর এক বন্ধুর বাড়িতে জন্মদিনের নিমন্ত্রণ রক্ষা করার পাশাপাশি মনসা পূজার নিমন্ত্রণ রক্ষা করতে যান এই তাপস সরকার। তাকে একাধিকবার বাড়ির সদস্যরা মোবাইলে ফোন করলে তিনি জানান নিমন্ত্রণ রক্ষা করে বাড়ি ফিরতে তার রাত হবে। কিন্তু রাত গভীর হয়ে গেলেও বাড়ি ফিরছিলেন না তিনি। দুশ্চিন্তা বাড়তে থাকে পরিবারের লোকেদের। এরপরই বাড়ির লোকের কাছে খবর আছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাপসের। সকলে ছুটে যান ঘটনাস্থলে এবং মৃতের কাছে। সবকিছু দেখে তাদের মনে হয় খুন করা হয়েছে তাপস সরকারকে। এরপরই পুন্ডিবাড়ি থানার দ্বারস্থ হন তারা। কারা এই ঘটনার সাথে যুক্ত? কি উদ্দেশ্যে এই যুবককে হত্যা করা হয়েছে? তা স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ।
Mysterious Death
কোচবিহার জেলা শাসক দপ্তরের গাড়ির চালকের রহস্য মৃত্যু
×
Comments :0