AIDWA SIR

ভোটার তালিকায় নাম বাদ, বাদ প্রকল্পে, ২৫ সেপ্টেম্বর সিইও দপ্তর অভিযানে মহিলা সমিতি

রাজ্য কলকাতা

এসআইআর-এ নাম বাদ গিয়েছে এমন ৬৩ শতাংশ মহিলা বাদ অন্নপূর্ণা যোজনা থেকেও। নাম বাদ যাচ্ছে ভোটার তালিকা থেকে। ভোটার তালিকায় নাম বাদ পড়ার কারণে বাড়ি থেকে তুলে নেওয়ার হুমকি দিচ্ছে পুলিশ। প্রতিবাদে ২৫ সেপ্টেম্বর ধর্মতলায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি।
শনিবার সংগঠনের রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন সাধারণ সম্পাদক কনীনিকা ঘোষ, রাজ্য সম্পাদক মোনালিসা সিন্‌হা, রাজ্য সভাপতি জাহানারা খাতুন সহ নেতৃবৃন্দ।
মোনালিসা সিন্‌হা বলেন, বিধানসভা নির্বাচনের আগে এসআইআর করে নির্বাচন কমিশন রাজ্যে ২৭ লক্ষ ভোটদাতাদের নাম বাদ যায়। তাঁদের বাদ দিয়েই বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন কমিশনে তথ্য দেওয়া সত্ত্বেও বাদ পড়েছে নাম। ট্রাইবুনালে আবেদন জানানো সত্ত্বেও বহু ভোটারের নাম তালিকায় ফেরানো হয়নি। 
মোনালিসা সিনহা বলেন, ভোটার তালিকায় নাম বাদ পড়েছে এমন মহিলাদের ৬৩ শতাংশ অন্নপূর্ণা যোজনা থেকেও বাদ গিয়েছেন। শুধুমাত্র তাই নয়, রেশন কার্ড থেকেও নাম বাদ পড়েছে অনেকের। এই বঞ্চনা মেনে নেওয়া হবে না।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সহ প্রায় সব রাজ্যে এসআইআর মহিলাদের নাম বাদ পড়েছে অস্বাভাবিক অনুপাতে। ট্রাইবুনালের বিচারে অতি ধীর গতিতে উঠছে প্রশ্ন। সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়ছে কমিশন। 
এদিকে বাঁকুড়ায় মহসিনা খাতুন নামে এক মহিলার আবেদন ট্রাইবুনালে ঝুলে থাকা সত্ত্বেও তাঁকে তুলে নেওয়ার হুমকি দিচ্ছে পুলিশ। এদিন মহিলা আন্দোলনের নেতৃবৃন্দ সেই বিষয়েরও উল্লেখ করেন।


মহিলা নেতৃবৃন্দ জানান যে রাজ্যে ভোটার তালিকায় নাম বাদ পড়া মহিলাদের নিয়ে সমীক্ষা চালানো হয়েছে। তা থেকে প্রাথমিক প্রবণতা দেখাও গিয়েছে। সিনহা জানান যে সমীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। তিনি বলেন, বহু নাম ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছে। সব ‘হোল্ডিং সেন্টার’ ক্রমাগত আতঙ্কের কেন্দ্রে পরিণত হচ্ছে।
মহিলা সমিতির দাবি, এসআইআর ট্রাইবুনালের কাজ পঞ্চায়েত, পৌরসভা বা ব্লকভিত্তিক করা হোক। মহিলাদের সুবিধার কথা মাথায় রেখেই কাজের  ট্রাইবুনাল করার দাবি জানায় মহিলা সমিতি।
সাংবাদিক সম্মেলনে ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী দীপু দাস, পারমিতা রায়, রূপা বাগচী, প্রাপ্তি দত্ত, রত্না চৌবে, সুপর্ণা ব্যানার্জি প্রমুখ।

Comments :0

Login to leave a comment