রাজ্যে বিজেপি’র পক্ষে আরও ভোট নিশ্চিত করার জন্য কাজ করবেন ওড়িশার নবনিযুক্ত রাজ্যপাল ব্রজ মোহন রাম। সরাসরি এই মন্তব্য করেন তিনি। ওড়িশায় বিরোধী দলগুলি প্রশ্ন তুলেছে সাংবিধানিক পদে নিযুক্ত রাজ্যপালের প্রকাশ্য রাজনৈতিক বিবৃতি ঘিরে। ওড়িশায় প্রথমবারের জন্য আসীন বিজেপি সরকার। সে রাজ্যে সাংবিধানিক প্রধান পদে আসীন রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল ।
রাঁচিতে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাম বলেন যে, দায়িত্ব গ্রহণের পর তিনি ওড়িশায় বিজেপির ‘এসসি মোর্চা’-কে আরও সক্রিয় করার লক্ষ্যে কাজ করবেন। এছাড়া, ওই রাজ্যে দলের পক্ষে আরও বেশি ভোট নিশ্চিত করতে সহায়তা করার ইচ্ছাও তিনি প্রকাশ করেন তিনি। তিনি বলেন, “আমি ঝাড়খণ্ডে বিজেপির ‘দলিত মোর্চা’-র সভাপতি ছিলাম এবং সেখানে সংগঠনটিকে শক্তিশালী করার জন্য কাজ করেছি। ওড়িশাতেও একটি এসসি মোর্চা রয়েছে। দায়িত্ব নেওয়ার পর আমি সেটিকে আরও সক্রিয় করার জন্য কাজ করব।”
নিজেকে বিজেপির একজন নিষ্ঠাবান ও অনুগত কর্মী হিসেবে অভিহিত করে রাম তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সাংবিধানিক পদে নিয়োগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান।
তিনি উল্লেখ করেন যে, তিনবার দলের প্রার্থী হওয়ার সুযোগ না পাওয়া সত্ত্বেও তিনি বিজেপির প্রতি অনুগত থেকেছেন এবং দলের প্রার্থীদের জয়ের লক্ষ্যে কাজ করে গেছেন।
নরেন্দ্র মোদীর মেয়াদে বারবারই রাজ্যপালদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধী দলের সরকারকে বেকায়দায় ফেলার নানা পদক্ষেপে প্রতিবাদও হয়েছে। তবে ব্রজ মোহন রামের মতো এমন সরাসরি মন্তব্য এই প্রথম।
Odisha Governor
বিজেপির পক্ষে ভোট নিশ্চিত করতে কাজ করব, বললেন ওড়িশার নবনিযুক্ত রাজ্যপাল!
ওড়িশার রাজ্যপাল ব্রজ মোহন রাম।
×
Comments :0