কবিতা | চক্রব্যূহ
সুদীপ বন্দ্যোপাধ্যায়
মুক্তধারা | বর্ষ ৪ | ১৫ মে ২০২৬ | কবিপক্ষ
মাঝে মাঝে ভাবনাগুলো লাগাম ছেঁড়া ঘোড়া,
ছুটতে থাকে দিগ্বিদিকে চক্রব্যূহে মোড়া।
ঘোড়ার আমি নাম দিয়েছি অশ্বমেধের বীর,
রক্তকণায় ভাবনা সাজায় বিষ মাখানো তীর।
মোরাম ছাওয়া লালচে পথে ভাবনা রেখে পা,
পাঁজর জুড়ে টং তুলে দেয়--যেথায় খুশি যা।
যাব যাব ভাবতে ভাবতে বাড়িয়ে দু- পা দেখি,
তাপ্পি দেওয়া আলখাল্লায় রবীন্দ্রনাথ এ কী !
Comments :0