কবিতা
মুক্তধারা
প্যালেস্টাইনের পুতুল
✍️ স্বপন পাল
২০২৬ ফেব্রুয়ারি ২৫ | বর্ষ ৩
বৃষ্টি রঙে মুখ আঁকা ওর, মেঘলা রঙে চোখ
কনকচাঁপা গাল দুটিতে জমাট বাঁধা শোক।
রূপকথা রঙ মন ছিল ওর, নূপুর রঙে পা;
ছুটতে নিষেধ-ফুটতে বারণ, খুশির কথায় না!
জোনাক জ্বলা রাত্রি উধাও ভাঙা খেলাঘর,
দানোর হানায় পুড়ছে স্বদেশ, শুধুই আগুন ঝড়।
ডাইনে খুকুর দাদার গোর, বাঁয়ে মা-য়ের কবর
আব্বা যে ওর হারিয়ে গেছে, কেউ জানো কি খবর?
শিউলি ফোটে শিউলি ঝরে, থমকে পথে চাঁদ
রাতদুপুরে নাড়ছে কড়া কোন্ সে আর্তনাদ
বোমার ক্ষত সারা গায়ে, জানালাতে কার উকি
তোমার মতো আদল মুখের, ককিয়ে কাঁদে খুকি।
কে খুকু ও? হাস্নুহানা! নাকি পাড়ার তুতুল।
বললো, "আমি ঝলসে যাওয়া প্যালেস্টাইনের পুতুল !!!
Comments :0