রবিবার সাতসকালে সোনাখালি জঙ্গল থেকে দু’টি পূর্ণবয়স্ক বাইসন ধূপগুড়ি ব্লকের লোকালয়ে ঢুকে পড়ায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়ায় এলাকায়। বাইসনের হামলায় এক শিশুসহ মোট তিনজন জখম হয়েছেন। একাধিক বাড়ি ভেঙেছে। মৃত্যু হয়েছে দুটি গবাদি পশুরও। ঘটনার জেরে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাইকার পাড়া, বীনাপানি এবং ঝাড় মাগুরমারির বিস্তীর্ণ এলাকায় দিনভর ব্যাপক চাঞ্চল্য বজায় থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামাতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকার পাড়া এলাকার বাসিন্দা গোপাল ঘোষ (৬৭) শৌচাগার থেকে বের হতেই একটি বাইসনের সামনে পড়ে যান। বাইসনটি তাঁকে লক্ষ্য করে সজোরে গুঁতো মারে। এরপরই সুনীল রায় (৫১) নামের আরেক বাসিন্দাকে আক্রমণ করে সেটি। জয়জিৎ সরকার (৬) নামের এক শিশুও বাইসনের হামলার মুখে পড়ে গুরুতর আহত হয়।
আহতদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বন্যপ্রাণি দু’টি মূল রাস্তায় উঠে পড়ায় জনবহুল এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। যদিও এই ভয়ানক পরিস্থিতির মধ্যেও বহু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাইসন দেখতে ভিড় জমান, যা বনকর্মীদের কাজে কিছুটা ব্যাঘাত ঘটায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখা ও সোনাখালি বিটের বনকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ধূপগুড়ি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। জনবহুল এলাকা হওয়ায় মাইকিং করে বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার আবেদন জানান বনকর্মীরা।
দীর্ঘ প্রচেষ্টার পর দুপুরের দিকে স্থানীয় মানুষের সহযোগিতায় একটি বাইসনকে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে কাবু করতে সক্ষম হন বনকর্মীরা। সেটিকে উদ্ধার করে সোনাখালি বিটে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় বাইসনটি ঝাড় মাগুরমারি এলাকায় একটি জঙ্গলের আড়ালে লুকিয়ে ছিল।
তবে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ থিতিয়ে যায়নি।
Rampage by a Pair of Bisons
লোকালয়ে জোড়া বাইসন, শিশু সহ আহত ৩
ধূপগুড়িতে জোড়া বাইসনের তাণ্ডব
×
Comments :0