Flood Situation Bengal

প্লাবিত রাজ্যের একাধিক অঞ্চল, চাষের বিপুল ক্ষতি, সঙ্কট ত্রাণের

জেলা

বৃহস্পতিবার জলমগ্ন সাহাড়ার চকমুরারি গ্রামে তোলা ছবি।

বন্যার জলে প্লাবিত রাজ্যের একাধিক অঞ্চল। এগরায় বিপুল ক্ষতি হয়েছে চাষের। জনজীবন বিপর্যস্ত। কাঁথিতে বিডিও-র দপ্তরে ত্রাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছে সিপিআই(এম)।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বন্যার্ত মানুষের ত্রাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 
সুবর্ণরেখা নদীর জলে প্লাবিত এগরা-১ ব্লকের সাহাড়া অঞ্চলের বিস্তীর্ণ অংশ। দফায় দফায় ঝাড়খন্ডের গালুডি জলাধার থেকে জল ছাড়ার ফলে সুবর্ণরেখা নদীর জল বেড়ে এগরার সাহাড়ায় তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। ধানের বীজতলা, মাছ, সবজি, পান ও মাদুর চাষের ক্ষতি হওয়ায় কৃষকদের মাথায় হাত। 
সাহাড়া অঞ্চলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত  গ্রামগুলি হলো সাহাড়া, চকমুরারি, নেহেলিয়া, আলিপুর।
দুর্গতরা জানিয়েছেন, আউশ এবং আমন ধানের বীজতলার উপর এখন কোমর সমান জল। সবজি চাষ শেষ। পুকুর ডুবে যাওয়ায় মাছচাষের সম্পূর্ণ ক্ষতি হয়েছে। মাদুর ও পান চাষেরও সমূহ ক্ষতি। তাই ক্ষতিপূরণ না পেলে তাঁদের পক্ষে বেঁচে থাকা আর সম্ভব নয়।
রাস্তাঘাটের উপর বুক সমান জল। জল ঢুকেছে বহু বাড়িতেও। প্রশাসনের উদ্যোগে একটিমাত্র ত্রাণ শিবির করা হয়েছে সাহাড়া হাইস্কুলে। এর ফলে কোথাও কোথাও কোমর সমান জল পেরিয়ে ত্রাণ শিবিরে যাওয়াও মুশকিলের হয়ে দাঁড়িয়েছে। নৌকার ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়েছেন শিশু সহ মহিলারা। তিন-চারদিন বিদ্যুৎ নেই। কারোর বাড়িতে কেরোসিন নেই যে হ্যারিকেন বা লম্ফ জ্বালবেন। প্রশাসনের কাছে মোমবাতি দেওয়ারও দাবিও জানিয়েছেন দুর্গত মানুষেরা। 
পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন নম্বর ব্লক (মারিশদা)-র  বিডিও অর্ঘ্য সেনের কাছে স্মারকলিপি দিয়েছে সিপিআই(এম)। জমা জল সরানোর ব্যবস্থার পাশাপাশি ত্রাণ ও খাদ্য দেওয়ার দাবি জানানো হয়েছে। 
ধান, সবজি থেকে মাছ চাষে বিপুল ক্ষতি হয়েছে। কৃষি ঋণ মকুব এবং শস্য বিমার আাকা দেওয়ার দাবি জানানো হয়। ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামতি, সব মাটির বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনায় যুক্ত করার দাবি তুলেছে সিপিই(এম)। বেআইনি ভেড়িচাষে দ্রুত ব্যবস্থা নেওয়ার সঙ্গেই ওড়িশা কোস্ট ক্যানেল সংস্কার দ্রুত করার দাবি জানায় সিপিআই(এম)’র প্রতিনিধিদল। ছিলেন সিপিআই(এম) নেতা পিনাকী দাস, কালীপদ শিট, হিমাংশু পণ্ডা, প্রমুখ।

Comments :0

Login to leave a comment