Academy Of Fine Arts Saffronisation

আকাদেমিতে ফের গেরুয়া রঙ বিজেপি’র, দখলদারিকে মোকাবিলার বার্তা চন্দন সেন-বিকাশ ভট্টাচার্যের

রাজ্য কলকাতা

আকাদেমি অব ফাইন আর্টস।

আকাদেমি অব ফাইন আর্টসে রঙ ফের বদলে দিল বিজেপি। দলের বিধায়ক রুদ্রনীল সেন নিজে দাঁড়িয়ে থেকে বুধবার আকাদেমির সামনের অংশে গেরুয়া রঙ করিয়েছেন দলবল নিয়ে। 
গতকাল, মঙ্গলবার। প্রতিবাদী নাট্যকর্মীরাই আকাদেমির টিকিট কাউন্টার এবং সংশ্লিষ্ট অংশে সাদা রঙ করেছিলেন। কারণ তার আগে আচমকা গেরুয়া রঙ করে দেওয়া হয়েছিল আকাদেমি অব ফাইন আর্টসের ওই অংশে। অতীতে কখনও এমন গেরুয়া রঙ করা হয়নি। 
গত ১৩ জুলাই, রাজ্যজুড়ে বিজেপি’র এই আচরণে প্রতিক্রিয়া পড়ে। সে সময় বিজেপি’র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে এই আচরণ বরদাস্ত করা হবে না। তিনি পনের দিন সময় চেয়ে বলেছিলেন যে গেরুয়া রঙ মুছে দিয়ে অতীতের অবস্থা ফিরিয়ে দেওয়া হবে। তাঁর সঙ্গে দেখাও করেছিলেন নাট্য আন্দোলনের বিশিষ্টরা।
গতকাল, মঙ্গলবার, নাট্যকর্মীরা সাদা রঙ করেন। নাট্যকার, অভিনেতা চন্দন সেন বলেন যে বিজেপি সভাপতি পনের দিন সময় চেয়েছিলেন। সময় পার হয়ে গেলেও রঙ ফিরিয়ে দেওয়া হয়নি। তাই সাদা রঙ করছেন নাট্যকর্মীরাই।
এদিন, বুধবার, আকাদেমিতে ফের গেরুয়া রঙ করতে গিয়ে বামপন্থীদেরকেই আক্রমণ করেছেন রুদ্রনীল ঘোষ। তিনি বলেছেন, ‘‘সিপিআই(এম)’র শ্রমিক সংগঠন দখল করে রাখতে চেয়েছে ঐতিহ্যকে। সাদা রঙ করার সময় অজুহাত দিয়েছে যে পনের দিন পার হয়ে গিয়েছে। ওরা ট্রাস্টি বোর্ডের অনুমতি না নিয়ে সাদা রঙ করেছে।’’
বিজেপি’র এই বিধায়ক এবং অভিনেতার মন্তব্য, ‘‘গেরুয়া ত্যাগের রঙ। তার বিরুদ্ধাচারণ করা হয়েছে। সিআইটিইউ চারটি অফিস দখল করে রেখেছে। বিকাশ ভট্টাচার্য গেরুয়ার বিরুদ্ধাচারণ করেন। তাই তিনিও দাঁড়িয়েছিলেন।’’
এই প্রসঙ্গে আইনজীবী এবং প্রাক্তন সাংসদ বিকাশ ভট্টাচার্যের প্রতিক্রিয়া, ‘‘ঠিকই তো যে গেরুয়া ত্যাগ-সততার প্রতীক। কিন্তু বিজেপি-ই তো গেরুয়ার অমর্যাদা করছে।’’ গণশক্তি ডিজিটাল-কে তিনি বলেন, ‘‘জোর করে রঙ বদলানো হয়েছিল। ওদের সভাপতি বলেছিলেন পনের দিনের মধ্যে গেরুয়া রঙ মোছা হবে। তা হয়নি বলে নাট্যকর্মীরা নিজেরাই সাদা রঙ করেন। একজন নাগরিক হিসেবে আমিও ছিলাম। আজকে যা করল তাতে বোঝা যাচ্ছে দলটা গুন্ডাদের হাতে চলে গিয়েছে।’’ তাঁর সংযোজন, ‘‘বিজেপি-র সঙ্গে সুস্থ সংস্কৃতির সম্পর্ক নেই।’’ 
বামপন্থীদের প্রসঙ্গে রুদ্রনীলের মন্তব্যে তিনি বলেছেন, ‘‘নাট্য আন্দোলনের প্রগতিশীল ধারার সঙ্গে জুড়ে থেকে বামমনস্ক মানুষ। তাই ওরা আক্রমণ করছেন। তবে পাশবিক শক্তি দেখিয়ে নয়, বৌদ্ধিক শক্তি দিয়ে আক্রমণ করুন। মোকাবিলা চলবে।
নাট্যকার, অভিনেতা চন্দন সেন এদিন বলেছেন, ‘‘কালকেই ওরা শাসিয়েছিল যে একদিনের মধ্যে ফের গেরুয়া করবে। তাই করল। ওঁরা ওদের রুচি স্পষ্ট করেছেন। তবে ভয় দেখিয়ে লাভ হবে না।’’

Comments :0

Login to leave a comment