Postal Workers Union Recognition

ডাক কর্মী সংগঠনকে স্বীকৃতি ফেরানোর নির্দেশ আদালতের, কলকাতায় সমাবেশ

রাজ্য কলকাতা

কলকাতা জিপিও-তে ডাক কর্মচারী সমাবেশ।

ডাক কর্মীদের ট্রেড ইউনিয়নের স্বীকৃতি কেড়ে নিয়েছিল কেন্দ্রের সরকার। তার প্রতিবাদে আন্দোলন জারি রেখেছিল সারা ভারত ডাক কর্মচারী ইউনিয়ন, গ্রুপ সি সংগঠন। আদালতের রায়ের জেরে স্বীকৃতি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হয়েছে সরকারকে। আন্দোলনের বিজয় পালনে দেশের বিভিন্ন শহরে সমাবেশ করলেন ডাক কর্মীরা। 
কলকাতায় জিপিও’র সামনে সমবেত হন ডাক কর্মীরা। সারা ভারত ডাক কর্মচারী ইউনিয়ন (এআইপিইইউ), গ্রুপ সি’র পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামানের সদস্যরা এই সভায় যোগ দেন।
সারা দেশে সব ক্ষেত্রেই ট্রেড ইউনিয়নের অধিকারের ওপর আক্রমণ চলছে। শ্রম আইন বাতিল করে চার শ্রম কোড চালু হওয়ার পর আক্রমণের তীব্রতা বেড়েছে। কেন্দ্রীয় সরকার ২০২৩ সালের ২৬ এপ্রিল একটি আদেশনামা প্রকাশ করে কেড়ে নিয়েছিল। ডাক দপ্তর এই সংগঠনের স্বীকৃতি এবং ট্রেড ইউনিয়ন হিসেবে প্রাপ্য বিভিন্ন সুবিধাদি কেড়ে নেয়। 
এআইপিইইউ জানিয়েছে যে সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হয়। একইসঙ্গে ঝাড়খন্ড ও কলকাতা হাইকোর্টে সংগঠনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। একটি মামলায় ঝাড়খন্ড হাইকোর্ট ডাক দপ্তরকে সদস্যপদ যাচাইয়ের কাজ শুরু করার নির্দেশ দেয়। এআইপিইইউ সংগঠনকে ভেরিফিকেশনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশও দেয়। 
গ্রুপ-সি ডাককর্মীদের সংগঠন জানিয়েছে যে আদালতের নির্দেশের পর ডাক দপ্তর সদস্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। 
স্বীকৃতি কেড়ে নেওয়ার বিরুদ্ধে দায়ের আরেকটি মামলায় ঝাড়খণ্ড এবং কলকাতা হাইকোর্ট রায়ে বলেছে, সদস্যপদ যাচাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এআইপিইইউ গ্রুপ-সি সংগঠনকে ট্রেড ইউনিয়নের সুবিধা ফের দিতে হবে। সেই রায়ের পরিপ্রেক্ষিতে, পোস্টাল ডাইরেক্টরেট সীমিত সুবিধা চালু করার বিজ্ঞপ্তি জারি করেছে। নিয়মিত সভা, সংগঠনকে দপ্তর দেওয়া, প্রশাসনের সঙ্গে আলোচনা, সংগঠনের নেতৃত্বকে সদর দপ্তরে পোস্টিংয়ের সুবিধা চালু করা হয়েছে।
সংগঠনের প্রাদেশিক সম্পাদক অসিত বঙ্গবাস গত তিন বছর টানা সংগ্রামের পর জয় ছিনিয়ে নেওয়া গিয়েছে। সব ডাক কর্মচারী ও সংগঠকদের তিনি অভিনন্দন জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment