রুখে দাও কর্পোারেট স্বার্থ রক্ষার বিজেপি সরকারের বুলডোজার নীতি, গড়ে তোলো ভূখা ও শ্রমজীবী মানুষের ঐক্য, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয় এমনই আহ্বান জানিয়ে শুক্রবার দুপুরে মেদিনীপুর শহরের জনপথে শ্রমজীবী, বস্তিবাসী ও উদ্বাস্তু কলোনীর মানুষের ঢল। মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল, শহরের রিং রোড ধরে প্রতিবাদে জেলা শাষক দপ্তর অভিযান করা হয়। দাবী ওঠে মেদিনীপুর শহরের ফুটপাত ঘেঁষে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা একাধিক বহুতল, শপিংমল যদি চলতে পারে, তাহলে পরিকল্পিতভাবে হকারদের ডালি থাকলে কি সমস্যা হয় তার জবাব প্রশাসনকেই দিতে হবে সেইসঙ্গে, এর সুরাহাও প্রশাসনকে করতে হবে। মিছিলে অংশগ্রহণ করেন শ্রমিক নেতা বিজয় পাল, গোপাল প্রামানিক, কমল পলমল সহ একাধিক সংগঠনের নেতৃবৃন্দ।
জোরালো দাবী ওঠে পুনর্বাসন ছাড়া হকার ও বস্তি উচ্ছেদ করা চলবে না। গরিব মানুষের রুটি রুজির বিকল্প ব্যবস্থা চাই। দাবী ওঠে ২০১৪ সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়।
বিক্ষোভ মিছিল থেকে প্রতিবাদ জানানো হয়, স্মার্ট মিটার চালুর বিরুদ্ধে, এসআইআর- এর নামে বাতিল হওয়া প্রকৃত ভোটারের ভোটাধিকার অবিলম্বে ফেরত সহ তাদের সরকারী ভাতা থেকে বঞ্চিত করা চলবে না বলেও দাবী ওঠে। পেট্রোল, ডিজেল, গ্যাস সহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানো হয় মিছিল থেকে।
বিক্ষোভ মিছিলের পর, জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। সিআইটিইউ, বস্তি সংগ্রাম, উদ্বাস্তু সংগঠনের নেতৃবৃন্দ জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ সভায় পরিষ্কারভাবে বলেন যে, গরীব মানুষকে না জানিয়ে রাতের অন্ধকারে বুলডোজার রাজ কায়েম করে যদি উচ্ছেদ করা হয়, মানুষ রক্ত দিয়ে তাহা রুখবে। । উন্নয়নের নাম করে গরীব মানুষের পেটে লাথি মারা যাবে না এমন দাবীতে সরব হয়।
বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তিনি বলেছিলেন না জানিয়ে হকার উচ্ছেদ করতে এলে বুলডোজারের সামনে তিনি দাঁড়াবেন। তাহলে কেন এই দ্বিচারিতা! স্ট্রীট হকার, রেল হকার ও রেল বস্তি এলাকায় বিকল্প বাসস্থান ও বিকল্প রুটি রুজির ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ জেলা সম্পাদক গোপাল প্রামানিক সহ পল্লব সরকার, গঙ্গাধর বর্মণ, অশোক বাগচি সহ প্রমুখরা।
Hawker Eviction Protest in Midnapore
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ না করার দাবিতে মেদিনীপুরে বিক্ষোভ ও মিছিল
মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল সহকারে জেলা শাষক দপ্তর অভিযান।
×
Comments :0