Lawyers Protest

আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে বারাসতে বিক্ষোভ

জেলা

রাজ্যজুড়ে আইনজীবীদের উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের ধারাবাহিক হামলার অভিযোগে প্রতিবাদে সরব হল অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন (এআইএলইউ)’র উত্তর ২৪ পরগনা জেলা কমিটি। বৃহস্পতিবার সকালে বর্ষীয়ান আইনজীবী তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনার প্রতিবাদেও জেলার বিভিন্ন আদালতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আইনজীবীরা। গণতন্ত্র রক্ষা এবং আইনজীবীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এদিন বারাসত জেলা আদালত চত্বরে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিলে আইনজীবীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। বিভিন্ন স্লোগানে মুখরিত হয় আদালত চত্বর।
মিছিল শেষে জেলা আদালতের প্রধান গেটের সামনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। সভায় বক্তারা বলেন, আইনজীবীদের উপর একের পর এক হামলার ঘটনা গণতান্ত্রিক ও বিচারব্যবস্থার পরিবেশের উপর সরাসরি আঘাত। আইনজীবীদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
সভা থেকে রাজ্যজুড়ে আইনজীবীদের উপর হামলার বিরুদ্ধে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের বিশিষ্ট আইনজীবী মিহির দাস, নীলমণি বিশ্বাস, চন্দ্রশেখর দে, অনুপম রায়চৌধুরী, কল্লোল সেন, সম্রাট সেনগুপ্ত, স্বতী ভট্টাচার্য-সহ আরও অনেকে।

Comments :0

Login to leave a comment