Protest in Chakdaha

মোটর ভ্যান বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ চাকদহে

জেলা

জাতীয় ও রাজ্য সড়কে টোটোর পর এবার মোটর ভ্যান চলাচল বন্ধের যে ডেডলাইন রাজ্য পরিবহণ দপ্তর বেঁধে দিয়েছে, তার বিরুদ্ধেই এবার গর্জে উঠলেন মোটর ভ্যান চালকরা। ভ্যান চালানো বন্ধ হলে হাজার হাজার পরিবার না খেতে পেয়ে মরবে এবং যুবকেরা পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হবেন। এই আশঙ্কায় রাজ্য জুড়ে জোরদার আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে সরব হন সারা বাংলা মোটর ভ্যান ইউনিয়নের সেক্রেটারি তাপস পাল প্রমূখ।
মুখ্যমন্ত্রীর শিল্পায়নের উদ্যোগকে স্বাগত, পরিবহন মন্ত্রীর সিদ্ধান্তে উদ্বেগ মিছিল শেষে এক বিবৃতিতে সেক্রেটারি তাপস পাল জানান, ‘‘বিগত ১৫ বছর ধরে রাজ্যের বেকার সমস্যার স্থায়ী সমাধান মেলেনি।’’ পরিবহন মন্ত্রীর বেঁধে দেওয়া সময়সীমা নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে তাপস পাল বলেন, ‘‘বর্তমান পরিবহন মন্ত্রী ১ থেকে ২ মাসের যে সময়সীমা বেঁধে দিয়েছেন, যার পর মোটর ভ্যান চালানো যাবে না বলা হচ্ছে—তা যদি সত্যিই কার্যকর হয়, তবে আমাদের না খেতে পেয়ে মরতে হবে।’’ উচ্চশিক্ষিত যুবকদের ভবিষ্যৎ ও পরিযায়ী শ্রমিক হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি দাবি করে বলেন, বর্তমানে এই মোটর ভ্যান চালকদের মধ্যে এমন অনেক যুবক রয়েছেন যারা যথেষ্ট উচ্চশিক্ষিত। কর্মসংস্থানের অভাবে বাধ্য হয়ে তাঁরা মোটর ভ্যান চালিয়ে পরিবারের মুখে অন্ন তুলে দিচ্ছেন।
বিক্ষোবরত চালকদের বক্তব্য, ‘‘বর্তমান সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা, ১০ লক্ষ টাকা দিয়ে নতুন গাড়ি কেনার সামর্থ্য বা ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের নেই। যদি জোর করে ভ্যান চালানো বন্ধ করে দেওয়া হয়, তবে এই রাজ্যের যুবকদের আবারও ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যেতে বাধ্য হতে হবে।’’ তাদের দাবি, রুটিরুজি বন্ধ না করে সরকারকে ট্রাফিক নিয়ম মেনে মোটর ভ্যান চালানোর অনুমতি দিতে হবে। 

Comments :0

Login to leave a comment