ছেলেধরা সন্দেহে এক আদিবাসী যুবককে অযথা মারধরের প্রতিবাদে ক্ষোভের আঁচে তপ্ত আদিবাসী মহল্লা। প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ, পথ অবরোধে সামিল হয়েছিলেন আদিবাসীরা। যা ঘিরে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। ঘটনা বোলপুর-ইলামবাজার রাস্তায় থাকা মির্জাপুর গ্রামের। জানা গেছে, মঙ্গলবার বিকেলে মির্জাপুর গ্রামের যুবক মঙ্গলা বাস্কি গ্রাম থেকে বেরিয়ে এক আত্বীয়ের বাড়ি মির্জাপুর যাচ্ছিলেন। যাওয়ার পথে রায়পুর গ্রামে কয়েকজন যুবকের পথ আটকায়। বেধড়ক মারধর করে। জখম যুবকের মাধ্যমে জানা গেছে, ছেলেধরা সন্দেহ করেই তাকে অযথা মারধর করা হয়েছে। ঘটনার পর জখম যুবক গ্রামে খবর দিলে পরিজনরা যুবককে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে।
ঘটনা ঘিরে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় জখম যুবকের গ্রামে। প্রতিবাদে বুধবার সকাল থেকেই আদিবাসী পুরুষ মহিলারা বাড়ি থেকে বেরিয়ে বোলপুর-ইলামবাজার রাস্তায় নেমে আসেন। শুরু করেন তুমুল বিক্ষোভ। পথ অবরুদ্ধ করে দেওয়া হয়। মির্জাপুর বাসস্ট্যান্ডের সামনে প্রায় দুই ঘণ্টা রাস্তা অবরোধ করেন আদিবাসী মানুষেরা। তীর-ধনুক, ধামসা ও মাদল নিয়ে রাস্তায় প্রতিবাদীরা অবিলম্বে ঘটনার বিহীত দাবি করেছেন। এলাকার বাসিন্দা বাগড়ায় মুর্মু ও কালীচরণ কিষ্কু বলেন, ‘‘মঙ্গলা বাস্কি আমাদের গ্রামের ছেলে। তিনি পিসির বাড়ি যাচ্ছিলেন। আমাদের পাশের গ্রাম রায়পুরের লোকেরা রাস্তায় ধরে স্রেফ সন্দেহের শে বেধড়ক মারধর করে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি চাই।’’ আদিবাসী ক্ষোভে তপ্ত এলাকার পরিস্থিতি সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশকে।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সম্প্রতি ছেলেধরা নিয়ে গুজব ও তারজেরে শারিরীক হেনস্থা, মারধরের ঘটনাও ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও ঘটনায় ইতি পড়ছে না।
Ilambazar
যুবককে মারধর, প্রতিবাদে ইলামবাজারে বিক্ষোভ
×
Comments :0