Barrackpore municipal corruption

পৌরসভায় দুর্নীতি, দশ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ব্যারাকপুরে

জেলা

বারাকপুর পৌরসভার তৃণমূলের প্রাক্তন পৌর প্রধান সহ দুর্নীতিগ্ৰস্ত কাউন্সিলরদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহন ও পৌরসভাকে অবিলম্বে দালালমুক্ত করার দাবী সহ মোট দশ দফা দাবিতে সিপিআই(এম) বারাকপুর এরিয়া কমিটি ও টিটাগড়-বারাকপুর এরিয়া কমিটির উদ্যোগে বারাকপুর পৌরসভার সামনে বিক্ষোভ ও অবস্থান হয়। এই বিক্ষোভ অবস্থান এর আগে এক মিছিল বারাকপুর ষ্টেশনের সামনে থেকে শুরু হয়ে এস এন ব্যানার্জি রোড, বি টি রোড হয়ে পৌরসভার সামনে গিয়ে উপস্থিত হয়।
বারাকপুর পৌরসভা জুড়ে ভয়াবহ দুর্নীতি হয়েছে। ব্রিটানিয়া ও ভেড়ির গেট সংলগ্ন এলাকায় জলাভূমি ভরাট করে স্থায়ী কাঠামো নির্মাণ হয়েছে। এর পেছনে ভয়াবহ আর্থিক দুর্নীতি আছে। এই পৌরসভার বিরাজ মোহিনী মাতৃসদনকে পুরোপুরি বাণিজ্যিকভাবে ব্যাবহার করা যাবে না। স্বাস্থ্য কেন্দ্রগুলোর সংস্কার করে প্রয়োজনীয় ওষুধপত্র রাখতে হবে। এই পৌরসভায় মানুষ প্রয়োজনীয় কাজে গেলে তাদের বিভিন্নভাবে হেনস্থা করা হয়। এটা অবিলম্বে বন্ধ করতে হবে। তালপুকুর খাল সহ বিভিন্ন খালগুলোর পূর্নাঙ্গ সংস্কার করতে হবে। এই খালগুলো সংস্কার না হওয়ায় বারাকপুর ষ্টেশনের সামনে এস এন ব্যানার্জি রোড, বারাসাত রোড,ওল্ড ক্যালকাটা রোড সহ পৌরসভার একাধিক ওয়ার্ডের রাস্তা একটু বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে। এই জল পুরোপুরি যাওয়ার জন্য বহুদিন সময় লাগে। মানুষকে এর ফলে ভয়াবহ অসুবিধার সম্মুখীন হতে হয়। 
এই পৌরসভার অন্তর্গত খেলার মাঠগুলো সারাবছরের জন্য ব্যাবহারের উপযোগী করে তুলতে হবে। বারাকপুর পৌরসভার নিজস্ব কমিউনিটি হলগুলো দখলমুক্ত করতে হবে। সেই কমিউনিটি হলগুলোর সারাবছর রক্ষনাবেক্ষণ করে জনসাধারণকে ব্যাবহারের জন্য স্বল্পমূল্যে দিতে হবে।
এই অবস্থান বিক্ষোভ সভায় সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য গার্গী চ্যাটার্জী বলেন,  তৃণমূলের পনেরো বছরে পৌরসভাগুলোতে ব্যাপক দুর্নীতি হয়েছে। কাটমানি, তোলাবাজি অবাধে চলেছে। এই দুর্নীতির সঙ্গে পৌর প্রধান থেকে কাউন্সিলর সবাই জড়িত। ইতিমধ্যেই হালিশহর ও নৈহাটি পৌরসভার পৌর প্রধান এর জেলযাত্রা হয়েছে। মানুষ পৌরপরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। এই দাবিগুলোর অবিলম্বে সমাধান করতে হবে।সিপিআই(এম) উওর চব্বিশ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ঝন্টু মজুমদার বলেন, তৃণমূল ও দুর্নীতি এই দুটি কথা গত পনেরো বছরে সমার্থক হয়ে উঠেছিল। পৌরসভায় বেআইনিভাবে টাকা নিয়ে নিয়োগ হয়েছে। এই টাকা তৃণমূলের নেতা মন্ত্রীদের পকেটে গেছে। আমরা মানুষের দাবী নিয়ে এসেছি। এই দাবিগুলোর অবিলম্বে সমাধান করতে হবে।
এই সভায় এছাড়াও বক্তব্য রাখেন সিপিআই(এম) উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য অভ্র দে, বারাকপুর এরিয়া কমিটির সম্পাদক প্রভাত ভান্ডারী প্রমুখ নেতৃবৃন্দ। এরপর প্রাক্তন পৌর প্রধান বিজলী মিত্র র নেতৃত্বে এক প্রতিনিধিদল পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে ডেপুটেশন দেন।

Comments :0

Login to leave a comment