বনবস্তিতে একটি বাড়ির মুরগির ঘর থেকে প্রায় ১০ ফুট লম্বা অজগর উদ্ধার। শনিবার রাতে মেটেলি ব্লকের মূর্তির এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বনকর্মীদের তৎপরতায় সাপটিকে উদ্ধার করে নিরাপদ জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মূর্তি বনবস্তির বাসিন্দা অজিত রায়ের বাড়িতে অজগরটি ঢুকে পড়ে। পরিবারের দাবি এরপর মুরগির ঘরে ঢুকে কয়েকটি মুরগি খেয়ে ফেলে। মুরগির অস্বাভাবিক ছটফটানি ও চিৎকারে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। ঘরে গিয়ে প্রকাণ্ড অজগরটিকে দেখতে পান। এরপর দ্রুত মূর্তি বিটের বনকর্মীদের খবর দেওয়া হয়।
খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে অজগরটিকে উদ্ধার করেন। বন দপ্তর সূত্রে জানা যায়, সাপটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। প্রাথমিক পরীক্ষার পর সেটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।
মূর্তি বনবস্তির পাশেই ঘন জঙ্গল রয়েছে। স্থানীয়দের অনুমান,খাবারের সন্ধানে সেখান থেকেই অজগরটি লোকালয়ে ঢুকে পড়ে। এর আগেও ওই এলাকায় একাধিকবার অজগর উদ্ধারের ঘটনা ঘটেছে। ঘনবসতিপূর্ণ এলাকায় বারবার বন্যপ্রাণীর আনাগোনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পাশাপাশি নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে।
Python
ঘরে অজগর, আতঙ্ক মূর্তি বনবস্তিতে
×
Comments :0