SFI NEET protest

নিট বিক্ষোভে এসএফআই নেতৃত্বকে আটক দিল্লিতে

জাতীয়

‘নিট ২০২৬’-র প্রশ্ন ফাঁস ও পরীক্ষা বাতিলের প্রতিবাদ করায় এসএফআই’র নেতা ও কর্মীদের ওপর ধরপাকড় চালালো দিল্লি পুলিশ। 
এদিন বাতিল হয় ডাক্তারির প্রবেশিকা ‘নিট‘। কেন্দ্রীয় পরীক্ষা সংস্থা এনটিএ বারবারই ব্যর্থ হচ্ছে। এই অবস্থায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দপ্তর দিল্লির শাস্ত্রী ভবনের সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখায় এসএফআই। সেই সময়ই ঝাঁপিয়ে পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ন্ত্রিত দিল্লি পুলিশ। 
এসএফআই'র সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি, সর্বভারতীয় যুগ্ম সম্পাদক ঐশি ঘোষ এবং এসএফআই-এর দিল্লি রাজ্য সভাপতি সূরজ এলামন সহ বহু এসএফআই কর্মীকে জোর করে তুলে আটক করে দিল্লি পুলিশ। 
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এসএফআই কেন্দ্রীয় কমিটি। সংগঠনের সভাপতি সাজির সঙ্গে সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেছেন, ‘‘পঁচিশ জনের বেশি এসএফআই কর্মীকে আটক করেছে দিল্লি পুলিশ। দমনপীড়ন চালিয়ে ছাত্রদের মুখ বন্ধ করা যাবে না। এনটিএ’র বিরুদ্ধে আন্দোলন জারি রাখবে এসএফআই।’’


ডাক্তারি প্রবেশিকা ‘নিট ২০২৬‘ পরীক্ষায় ব্যাপক হারে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে মঙ্গলবার গোটা পরীক্ষাটিকেই বাতিল বলে ঘোষণা করে ন্যাশনাল টেস্ট এজেন্সি (এনটিএ)। 
এসএফআই'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিবৃতিতে বলা হয়, ৩ মে ডাক্তারি পরীক্ষায় ব্যাপক মাত্রায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই কারণে পরীক্ষা বাতিল হয়েছে। গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এসএফআই'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। 
এসএফআই বলেছে, এই পরীক্ষা পরিচালনা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই সংস্থা কেন্দ্রীয় সরকার তৈরি করার পর থেকেই বারবার বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় অব্যবস্থা হচ্ছে। এবারও ফের এই এজেন্সি তাদের অব্যবস্থার নজির রাখল। 
জানা গিয়েছে মোট ৭২০ নম্বরের মধ্যে প্রায় ৬০০ নম্বরের প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় পরীক্ষার সততা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। অভিযোগ উঠেছে, পরীক্ষার ১৮০টি প্রশ্নের মধ্যে প্রায় ১৫টি প্রশ্ন আগে থেকেই একটি সম্ভাব্য প্রশ্নপত্রের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। রসায়নেরই প্রায় ১২০টি প্রশ্ন হুবহু ফাঁস হয়ে গেছে।
নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কেন্দ্রীয় স্তরে পরীক্ষা নেওয়ার জন্য এই এনটিএ তৈরি করে। কিন্তু তাদের ব্যবস্থাপনায় ডাক্তারি প্রবেশিকার মতো এমন গুরুত্বপূর্ণ পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে অব্যবস্থা দেখা গিয়েছে বারবার। 
এসএফআই বলেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন প্রয়োজনকে উপেক্ষা করে পরীক্ষা ব্যবস্থার কেন্দ্রীকরণ করে মোদী সরকার এনটিএ তৈরি করে। এনটিএ’র বিরূপ প্রভাবের কথা এসএফআই সহ বিভিন্ন ছাত্র সংগঠন শুরু থেকেই বলে আসছে। এসএফআইয়ের তরফে ব্যাপকহারে প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টির স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়েছে। 
এসএফআই বলেছে, এনটিএ'র এই পরিচালনার অব্যবস্থার কারণে শিক্ষার্থীদের বিশাল খরচ ও অনিশ্চয়তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এনটিএ'র তরফে শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছে এসএফআই। সেইসঙ্গে, প্রবেশিকা পরীক্ষার পরিচালনার ব্যবস্থাটিকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে ও অদক্ষভাবে কেন্দ্রীকরণ করার প্রচেষ্টাক কেন্দ্রীয় সরকার করেছে তা স্বীকার করে নিয়ে, এনটিএ'কে বাতিল করা উচিত বলেও জানায় এসএফআই।

Comments :0

Login to leave a comment