বিশ্বনাথ সিংহ : রায়গঞ্জ
কলেজে অসামাজিক কাজ বন্ধ করতে হবে, দাবি জানালো এসএফআই। দাবি জানালো, ক্লাসের সংখ্যা বাড়াতেই হবে। লাইব্রেরিতে পর্যাপ্ত বই রাখতে হবে। কলেজে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করারও দাবি জানিয়ে কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষের কাছে ডেপুটেশন দিলো এসএফআই। অর্নাস দেওয়ার নামে অবৈধভাবে টাকা তোলা, কলেজে অসামাজিক কার্যকলাপ বন্ধেরও দাবি জানায় এসএফআই।
মঙ্গলবার কালিয়াগঞ্জ লোকাল কমিটির ডাকে হয় বিক্ষোভ। এসএফআই বলেছে, কৃষি প্রধান এলাকায় কলেজের যা ফিজ নেওয়া হচ্ছে তা সব ছাত্রছাত্রী দিতে পারছে না। পিছিয়ে থাকা অংশের ছাত্রছাত্রীদের জন্যে ফি ছাড়ের ব্যবস্থা করতে হবে। সামনে উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে। স্নাতকে ভর্তি হওয়ার জন্যে অনলাইন, অফ লাইনে ভর্তির ব্যাপারে স্বচ্ছতা রাখতে হবে।
অধ্যক্ষকে ডেপুটেশনের আগে প্রচারে যে পোস্টার এসএফআই দিয়েছিল সেগুলির রাতারাতি ছিঁড়ে ফেলা হয়। যার জেরে উত্তেজনা বাড়তে থাকে।
মঙ্গলবার কলেজ গেটের সামনে এসএফআই’র বিক্ষোভ সভা সংগঠিত হয়। এসএফআই-কে ডেপুটেশনে বাধা দেওয়ার চেষ্টা করে একাংশ। ফের উত্তেজনা বাড়তে থাকে।
যদিও শেষমেশ অধ্যক্ষ এসএফআই’র ডেপুটেশন নেন। যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সংগঠনের সম্পাদক বিশাল চন্দ্র রায় ও সভাপতি অরুণ রায় সহ সংগঠনের নেতা সুদীপ রায় ও নেতৃবৃন্দ কথা বলেন অধ্যক্ষের সঙ্গে।
Comments :0