Sanitary Napkin ATM

স্যানিটারি ন্যাপকিন এটিএম কেন্দ্রের উদ্বোধন পূর্ব মেদিনীপুরের ময়নায়

জেলা

পূর্ব মেদিনীপুরের ময়নার দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রামচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোনাচকে তৈরি হয়েছে এই স্যানিটারি ন্যাপকিন পরিষেবা কেন্দ্র প্যাড এটিএম। মূল পরিকল্পনা ও ভাবনায় গ্রামেরই কয়েকজন যুবক এটি বাস্তবায়িত করেছেন। মূল উদ্যোক্তা সংস্থার সম্পাদক শুভদীপ সহ এই কাজে হাত লাগিয়েছেন তাঁর সহযোগীরা। পরবর্তীতে এই কাজে সামিল হয়েছে শুভদীপের দিদি সহ পাড়ার মহিলা ও এলাকার আশাকর্মীরাও। যাঁরা এই কাজ করেছেন তাঁরা কেউ কেউ পরিযায়ী শ্রমিক, আবার কেউ টোটো চালক, কেউ দিনমজুর, কেউ বা বেসরকারি সংস্থায় কর্মরত এবং অবসরপ্রাপ্তরা। খোলা জায়গায় প্রত্যন্ত গ্রামের রাস্তার ধারে নতুন কেউ এরকম এটিএম দেখেই অনেকেই অবাক হচ্ছেন। 
স্যানিটারি প্যাড এটিএমের ভাবনা কি থেকে হলো? শুভদীপরা জানায় তাঁদের সংস্থা ২০১৩ সাল থেকে এলাকায় সামাজিক কাজের সাথে সাথে তাঁরা বাড়ি বাড়ি এবং গ্রামের বিভিন্ন মহিলা ও ছাত্রীদের সাথে কথা বলে বুঝতে পারে আধুনিক যুগেও মহিলারা ও ছাত্রীরা ঋতুকালীন সময়ে তাঁরা নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয় এবং ঋতুকালীন সময়ে কি করা উচিৎ ও কি করা উচিৎ নয়, সেসম্পর্কেও তাঁরা খুব একটা ওয়াকিবহাল নয়, এমনকি গ্রামের অনেক মহিলারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহারও করেননা। লজ্জা থেকেই অনেকে বাড়িতেও বলতে পারেন না দোকান থেকে ন্যাপকিন এনে দেওয়ার কথা। ঠিক সেই সময়ই ২০১৭ সাল থেকে এই সংস্থার যুবকেরা নিজেদের এলাকার দোকানগুলোতে সার্ভে শুরু করেন। পাশাপাশি নিজেদের গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী গ্রামগুলোতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের সচেতনতা এবং ব্যবহৃত ন্যাপকিন যত্রতত্র না ফেলা নিয়ে গ্রামে গ্রামে প্রচার শুরু হয়। ২০১৭ থেকে সচেতনতা করতে করতেই ২০২৬ এর শুরুতেই তাঁরা সিদ্ধান্ত নিয়ে তাঁদেরই প্রত্যন্ত গ্রামে খোলা জায়গায় রাস্তার ধারে একটি স্যানিটারি প্যাড এটিএম প্রতিস্থাপন করেন। এলাকার বিভিন্ন সরকারি বিদ্যালয়ের ছাত্রী ও গ্রামের প্রায় ৪৫০ জন মহিলাদের নিয়ে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের সচেতনতার উদ্দেশ্য নিয়ে ৫ কিমি পদযাত্রা করে এই ন্যাপকিন পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়। ছাত্রীদের হাত দিয়েই সূচনা করা হয়। এই এটিএম এর বৈশিষ্ট্য হলো এটি ২৪ ঘন্টা, ৩৬৫ দিন খোলা স্যানিটারি প্যাড এটিএম, যেখানে যে কোনো মহিলা দিন বা রাত, যেকোনো সময় এসে প্রয়োজন অনুযায়ী ৫ টাকার বিনিময়ে একটি প্যাড সংগ্রহ করতে পারেন। তাঁদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সময়ের কোনো সীমাবদ্ধতা ছাড়াই সবসময় পরিষেবা নিশ্চিত করা। প্যাড এটিএমে একটি প্যাড ভেন্ডিং মেশিন আছে , যেটা থেকে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করা যায়, এছাড়াও সেখানে দুটি ইনসিনেরেটর আছে, যেটায় ব্যবহৃত ন্যাপকিন নষ্ট বা ছাই করা যায়, এছাড়াও হঠাৎ করে মহিলাদের ঋতুকালীন পরিস্থিতিতে নিরাপদভাবে প্যাড পরিবর্তন করার জন্য একটি কক্ষে প্যাড চেঞ্জিং করার সুবিধাও রয়েছে সেখানে।

Comments :0

Login to leave a comment