School Education Minister orders TC

প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে চার স্কুলছাত্রকে টিসি'র নির্দেশ স্কুল শিক্ষামন্ত্রীর

জেলা

স্কুলের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে অভিযুক্ত দশম শ্রেণির চারজন ছাত্রকে শুক্রবার ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। 
জলপাইগুড়ি জেলা স্কুলে পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ওই শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও, তাদের শিক্ষাজীবনের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে অন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির অনুমতি দেওয়া হবে বলেও এদিন জানান তিনি।
এদিন জলপাইগুড়ি শহরের ১৫০ বছরের পুরনো ওই সরকারি স্কুলটি পরিদর্শনে এসেছিলেন স্কুল শিক্ষামন্ত্রী। তারপর, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও স্কুলের কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। 
বৈঠক চলাকালীনই দীপক বর্মন স্কুলের জেলা পরিদর্শককে (ডিআই) নির্দেশ দেন যেন শনিবারের মধ্যে অভিযুক্ত ওই চার শিক্ষার্থীকে টিসি দেওয়া হয়। 
৮ই সেপ্টেম্বর বিশেষ মিড্-ডে-মিল দেওয়া কে কেন্দ্র করে সৃষ্ট এক বিতর্কের জেরে প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুইকে একদল ছাত্র ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং ঘুষি মারে, যার ফলে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। ওই ঘটনার আগে কয়েকজন ছাত্রকে মারধর করার অভিযোগও ওঠে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 
সাধারণত শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিশেষ মিড্-ডে-মিল'র আয়োজন করা হয়। তবে শিক্ষার্থীদের একাংশ অভিযোগ করেছে যে, তাদের পর্যাপ্ত পরিমাণে ভাত ও মুরগির মাংসের তরকারি দেওয়া হয়নি। 
প্রাথমিক তদন্তের পর জেলা স্কুল শিক্ষা দপ্তরের তরফে এই ঘটনার জন্য উভয় পক্ষকেই দায়ী করা হয়েছে। এই ঘটনায় প্রধান শিক্ষককে ৯ই সেপ্টেম্বর থেকে ১৫ দিনের ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেইসঙ্গে, ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যদের মোতায়েন করা হয়।
বর্তমানে ওই  স্কুলটিতে এক সপ্তাহের জন্য সাময়িকভাবে ক্লাস স্থগিত রাখা হয়েছে।

Comments :0

Login to leave a comment