বিজেপির রাজ্য সভাপতি ২৪ ঘন্টা আগেই দলীয় কর্মীদের সতর্ক করে বলেছিলেন ডিম থেরাপির অভিমুখ ঘুরে যেতে পারে! ঠিক তার পরেই দলের কর্মীরা দলের নেতাদের ওপর ডিম থেরাপি চালালো। সঙ্গে কিল, চড়, ঘুষি।
‘‘ডিম থেরাপি’’ চললো শীতলখুচির বিজেপি নেতাদের ওপর। দলের নিচুতলার কর্মীরাই তৃণমূলের সঙ্গে যোগসাজশ করে ‘কাটমানি’ খাচ্ছে এই অভিযোগ তুলে দলের নেতাদের নিজেদের পার্টি অফিসে ঘেরাও করে সোমবার বিকেলে পুলিশের সামনেই ডিম থেরাপি চালালো। শুধু তাই নয় চললো মারধোরও। ছিঁড়ে দেওয়া হল দলের মন্ডল সভাপতির জামাও! হামলার শিকার হলেন দলের মহিলা নেত্রীও। মহিলা নেত্রী ও মন্ডল সভপতিকে পুলিশ উদ্ধার করে শীতলখুচি হাসপাতালে ভর্তি করেছে।
শীতলখুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এতদিন তৃণমূলের দখলে ছিল। ভোটের ফল প্রকাশের পর প্রধান থেকে পঞ্চায়েত সদস্যরা এলাকাছাড়া ছিল। বিজেপি কর্মীদের অভিযোগ দলের মন্ডল সভাপতি পবিত্র অধিকারী,সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সরকার, মহিলা নেত্রী বিউটি বর্মন, শংকর সরকার’রা একটি গাড়ি নিয়ে পঞ্চারহাটের দলের অফিসে এসে বৈঠকে বসে। কথা ছিল বৈঠক সেরে নেতারা তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান আরজিনা খাতুন বিবি ও অন্য পঞ্চায়েত সদস্যদের সাথে গ্রাম পঞ্চায়েত অফিসে বৈঠক করে তৃণমূলের প্রধানকে সঠিক ভাবে গ্রাম পঞ্চায়েত চালাতে পরামর্শ দেবে। দলের নেতারা কাটমানি নিয়ে এই সিদ্ধান্তে এসেছে। এই নেতাদের আমরা মানি না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নেতারা যখন দলের অফিসে বসে বৈঠক করছেন তখন বাইরে দলীয় কর্মীরা জড়ো হয়ে নেতাদের বিরুদ্ধে শ্লোগান শুরু করে। খবর পেয়ে পুলিশ আসে। পুলিশ ক্ষুব্ধ দলীয় কর্মীদের সরিয়ে নেতাদের নিরাপদে নিয়ে যেতে সক্রিয় হলে দলীয় কর্মীরা পুলিশের সামনেই নেতাদের ওপর ডিম ছুঁড়তে থাকে। চলে কিল চড় ঘুষি। নেতাদের জামা গেঞ্জীও ছিঁড়ে দেয় দলের বিক্ষুব্ধ কর্মীরা।
ঘটনাস্থল থেকে কোনমতে পুলিশ উদ্ধার করে বিজেপি নেতাদের। আক্রান্ত মন্ডল সভাপতি পবিত্র বর্মন বলেন, যারা হামলা চালিয়েছে তারা ফল ঘোষণার পর বিজেপি হয়েছে। বিজেপির শীতলখুচির বিধায়ক সাবিত্রী বর্মন বলেন,‘‘কি ঘটেছে খোঁজ নিচ্ছি।’’ ক্ষুব্ধ দলীয় কর্মীরা সাফ জানিয়েছে, ‘সেটিং করে যারা কাটমানি খাবে তাদের ওপর ডিম থেরাপি চলবে।’
BJP Inner Clash
বিজেপির 'গোষ্ঠীদ্বন্দ্ব‘ শীতলকুচিতে দলীয় কর্মীদের হাতে মার খেলেন নেতারা
×
Comments :0