Sitaram Yechury Memorial Seminar at Sreerampur

পিছিয়ে দেওয়ার শক্তিকে প্রতিহত করার ডাক সীতারাম ইয়েচুরি স্মারক আলোচনায়

রাজ্য জেলা

শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্রী কনভেনশন উপলক্ষে শ্রীরামপুর বটতলায় প্রকাশ্য আলোচনা সভায় জমায়েত। ছবি : শুভ্রজ্যোতি মজুমদার। ।

অনন্ত সাঁতরা: শ্রীরামপুর

এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্রী কনভেনশন শনিবার  শ্রীরামপুরে ঝাউতলা কমিউনিটি হলে  অনুষ্ঠিত হয়। এই কনভেনশন উপলক্ষে শনিবার সন্ধ্যায় শ্রীরামপুর বটতলায় কমরেড সীতারাম ইয়েচুরি স্মারক প্রকাশ্য আলোচনা সভা হয়েছে। 
শুরুতে কনভেনশন স্থল থেকে মিছিল করে প্রতিনিধিরা প্রকাশ্য আলোচনা সভাস্থলে সমবেত হন। আলোচনার বিষয় ছিল, ‘আরএসএস’র মনুসংহিতা বনাম ভারতের সংবিধান- বিপ্লবী আন্দোলন থেকে সমাজ সংস্কারে ছাত্রীরা‘। সভায় বক্তব্য রাখেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, সভাপতি প্রণয় কার্য্যী, ছাত্রীনেত্রী সোনালি মজুমদার প্রাক্তন ছাত্র নেত্রী দীপ্সিতা ধর ও নবনীতা চক্রবর্তী। সভা সঞ্চালনা করেন এসএফআই নেত্রী বর্ণনা মুখার্জী।
দীপ্সিতা ধর বলেন, আগে ছিল একজন মানুষের সরকার। যা শিক্ষা সহ বাংলার ঐতিহ্য সব ধ্বংস করে দিয়েছিল। সেটার বদলে দেশে এলো একটা ফ্যাসিস্ট মনোভাবাপন্ন সরকার। ক্ষমতায় আসতে না আসতেই কলেজে কলেজে আস্ফালন শুরু করে দিয়েছে। হকারদের উচ্ছেদ করেছে। শিক্ষার গেরুয়াকরণ শুরু করে দিয়েছে। আর যখন আমরা প্রতিবাদ করছি আমাদের দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। যে যাদবপুরের সামনে উলঙ্গ সাধুরা নাচানাচি করছে সেই যাদবপুরের শিরদাঁড়া এতটাও পলকা নয়, ভয় দেখিয়ে নুইয়ে দেওয়া যাবে। তিনি বলেন, ক্যাম্পাসে ক্যাম্পাসে সরকার যদি মুক্ত চেতনায় আঘাত করে আমরা আন্দোলন গড়ে তুলবো।
দেবাঞ্জন দে বলেন,  ছাত্রীদের পড়াশোনার সুযোগ ও তাঁদের নিরাপত্তার ব্যবস্থা বাড়ানোর পরিবর্তে মনুবাদী ভাবনায় তা চেপে রাখা হচ্ছে। আর দেশজুড়ে কর্পোরেট শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা হচ্ছে। এ সবের বিরুদ্ধে আমাদের লড়াই। তিনি আরও বলেন, আমরা হুগলী জেলায় লক্ষী সায়গল মঞ্চ, তিলোত্তমা নগরে ছাত্রী কনভেনশন সফলভাবে করেছি। বাংলার মাটিতে আন্দোলন সংগ্রাম তো দূরে থাক, শিক্ষালাভের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। আজ বাংলার মাটিতে স্কুল ছুট, বাল্যবিবাহ, নাবালিকা প্রসূতিবাড়ছে। ভারতকে পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা যেমন চলছিল, আজ বাংলাতেও সেটাই করা হচ্ছে।  
সভামঞ্চে সংগঠনের হুগলী জেলা কমিটির পক্ষ থেকে  ‘অন্য কলম ‘  নামাঙ্কিত পত্রিকা প্রকাশনার প্রচ্ছদ উদ্বোধন করেন সর্বভারতীয় ছাত্রী নেত্রী শিল্পা সুরন্দ্রন। সভায় বহু মানুষ সমবেত হয়েছিলেন।

Comments :0

Login to leave a comment