পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দিনহাটায়। সোমবার এ ঘটনা ঘটেছে দিনহাটা হাই স্কুলে। মৃত ওই ছাত্রের নাম তন্ময় বর্মন। তার বাড়ি ভেটাগুড়ি এলাকায়।
ঘটনার বিবরণ জানা গিয়েছে, দিনহাটার ভেটাগুড়ি এলাকার হরিশচন্দ্র বর্মনের পুত্র তন্ময় বর্মন। তন্ময় দিনহাটা হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। এদিন দিনহাটা হাই স্কুলের সপ্তম শ্রেণির ইংরেজি বিষয়ের পরীক্ষা ছিল। সপ্তম শ্রেণীর ছাত্র তন্ময় সরকার যথারীতি পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে ওই ছাত্র ক্লাসেই অসুস্থ হয়ে পড়ে। ওই অবস্থায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে স্কুলের সহকারী শিক্ষক এজারুল হক বলেন, আজকের দিনহাটা হাই স্কুলের সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ে পরীক্ষা ছিল। স্কুলের ১০ নম্বর হলঘরে পরীক্ষা চলছিল। সেই পরীক্ষার গার্ডের দায়িত্ব আমার উপরে ছিল। পরীক্ষা শেষ হওয়ার মিনিট দশেক আগে হঠাৎই ছেলেটি অসুস্থ হয়ে জ্ঞান হারায়। সঙ্গে সঙ্গে সেখানেই তার মাথায় চোখে মুখে জল দেওয়ার পর সঙ্গে সঙ্গে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হঠাৎই কেন এমন হলো তা বুঝতে পারছি না। তবে চিকিৎসকরা বলতে পারবেন।
এ বিষয়ে চিকিৎসকদের বক্তব্য, ওই ছাত্র হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত ঘটনা বোঝা যাবে।
এদিকে মৃত্যুর খবর পেয়েই ভেটাগুড়ি থেকে ওই মৃত ছাত্রের বাবা- মা দিনহাটা মহকুমা হাসপাতালে আসেন। পুত্র হারা ব্যথায় জর্জরিত বাবা-মা উভয়ই ভেঙে পড়েন। হাসপাতাল চত্বর এক বিশাদের পরিবেশ সৃষ্টি হয়েছে।
Student Dies
পরীক্ষা চলাকালীন দিনহাটায় ছাত্রের মৃত্যু
×
Comments :0