Amta Road

আমতায় গর্তে ভরা রাস্তা সারাতে নামলেন চালকরাই

জেলা

আমতায় রাস্তা সারাচ্ছেন টোটো অটো, ম্যাজিক চালকরা। ছবি: মনিরুল হক

সরকারি প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। তারই মধ্যে বন্যার জেরে আরও বেহাল হয়ে পড়েছে প্রায় ২০০ থেকে ৩০০ মিটার রাস্তা। দিনের পর দিন রাস্তার গর্তে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে যানচালকরা। শেষমেশ সরকারি ব্যবস্থার অপেক্ষায় না থেকে নিজেরাই রাস্তা সংস্কারের কাজে নামলেন অটো, টোটো ও ম্যাজিক চালকরা।
ঘটনাটি ঘটেছে, আমতা বিধানসভা কেন্দ্রের দ্বীপাঞ্চলের কুলিয়া থেকে পানশিউলি যাওয়ার রাস্তার। ওই রুটে প্রতিদিন অটো, টোটো ও ম্যাজিক গাড়ি চলাচল করে। দীর্ঘদিন ধরেই রাস্তার বিস্তীর্ণ অংশ বেহাল। বর্তমানে সড়ক যোজনা প্রকল্পের আওতায় রাস্তার কাজ চললেও, তা অত্যন্ত ধীরগতিতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এর মধ্যেই সাম্প্রতিক বন্যায় মিনি বাজার থেকে হাটপুকুর পর্যন্ত প্রায় ২০০ থেকে ৩০০ মিটার রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বাইক নিয়ে যাতায়াত করলেও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কয়েকদিন ধরে ওই অংশ দিয়ে টোটো চালানোও কার্যত বন্ধ হয়ে যায়। অভিযোগ জানানানোর কেউ নেই। শেষমেশ নিজেদের সমস্যা নিজেরাই সমাধানের সিদ্ধান্ত নেন ওই রুটের অটো, টোটো ও ম্যাজিক চালকরা। শুক্রবার অটো, টোটো চালানো বন্ধ রেখে জনা কুড়ি চালক রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েন। রাস্তার পাশে পড়ে থাকা ইট সংগ্রহ করে সেগুলি দিয়ে গর্তগুলি ভরাট করা হয়। সারাদিন ধরে চলে রাস্তা পরিষ্কার ও মেরামতের কাজ। তাঁদের উদ্যোগে আপাতত ওই অংশটি যান চলাচলের উপযোগী হয়েছে।
সরকারি প্রকল্পের কাজ চলার মধ্যেই স্থানীয় যানচালকদের এই উদ্যোগ অবশ্য ফের একবার এলাকার যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা এবং প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

Comments :0

Login to leave a comment