Mekhliganj Municipality

মেখলিগঞ্জ পৌরসভা হাতছাড়া তৃণমূলের!

রাজ্য জেলা

তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান সহ ৬ কাউন্সিলের। এই পৌরসভার ৯ জন কাউন্সিলরের মধ্যে খোদ চেয়ারম্যান সহ ৬ জন কাউন্সিলরই শুক্রবার কংগ্রেসে যোগদান করলেন। রাজ্যে তৃণমূল শাসন ক্ষমতা হারানোর পর কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন কর্পোরেশন এবং অনেকগুলি পৌরসভার কাউন্সিলর পদত্যাগ করেছেন। ইতিমধ্যেই এই সংখ্যা ১২৫ জন অতিক্রম করেছেন। কোচবিহার জেলায় সম্প্রতি মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান সহ একজন কাউন্সিলর পদত্যাগ করলেও এই প্রথম তৃণমুলের পৌরবোর্ড পরিবর্তিত হয়ে কংগ্রেসের হলো। শুক্রবার টেলিফোনে চেয়ারম্যান প্রভাত পাটনি জানিয়েছেন, ‘‘এদিনই তিনি সহ ৬জন কাউন্সিলর কলকাতায় ‘বিধান ভবনে’ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে কংগ্রসের পতাকা তুলে নেন। এখন থেকে বোর্ড চলবে কংগ্রেসের নির্দেশ মেনে।’’
উল্লেখ্য, মেখলিগঞ্জ পৌরসভার মোট ওয়ার্ড সংখ্যা ৯টি। ২০২১ সালের বিধানসভার ভোটে উত্তরবঙ্গের অধিকাংশ আসনে বিজেপি দাপট দেখালেও পৌরভোটে তৃণমূল ভালো ফল করেছিল। যদিও পৌরভোটে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। কোচবিহারের মেখলিগঞ্জ পৌরসভার সবক’টি আসনেই জয়ী হয় তৃণমূল। চেয়ারম্যান হন কেশব দাস। এই পৌরবোর্ডের সময়কালেই তাঁকে সরিয়ে প্রভাত পাটনিকে ওই পদে বসানো হয়। কেশব দাস রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। প্রভাত পাটনিকে চেয়ারম্যান করেছিলেন অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি বেকায়দায় পড়তেই প্রভাত পাটনি দলবল নিয়ে কংগ্রেসে চলে গেলেন।

Comments :0

Login to leave a comment