Mathabhanga Rape

ফের নাবালিকাকে ধর্ষণ, মাথাভাঙায় গ্রেপ্তার দুই

রাজ্য জেলা

গত ৩ জুন দিনহাটার পোয়াতুরকুঠিতে ১০ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে রবিবার রাতে গ্রেপ্তার করলো মাথাভাঙা থানার পুলিশের একটি দল। দুজনের বিরুদ্ধেই পকসো আইনে মামলা করেছে পুলিশ। নাবালিকার ওপর যৌন নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দিনহাটা ও ঘোকসাডাঙ্গা এলাকা থেকে দুই অভিযুক্ত যুবককে রবিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে শিতলখুচি এলাকার এক নাবালিকা পড়াশোনার জন্য মাথাভাঙ্গা শহরে ভাড়া বাড়িতে থাকতো। অভিযোগ, তাঁর এক বান্ধবী প্রলোভন দেখিয়ে তাঁকে লাটাগুড়ির একটি রিসোর্টে নিয়ে যায়। সেখানে ওই বান্ধবীর সঙ্গে থাকা দুই যুবক নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। ঘটনায় নাবালিকার ওই বান্ধবীর বিরুদ্ধেও সহযোগিতার অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে মাথাভাঙ্গা থানার পুলিশ। তদন্তকারী আধিকারিক সাব-ইন্সপেক্টর পিংকি রায়ের নেতৃত্বে  রবিবার গভীর রাতে দিনহাটা ও ঘোকসাডাঙ্গায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে দুই অভিযুক্তকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে মাথাভাঙ্গা থানায় নিয়ে আসা হয়। বিশেষ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মেডিকেল চেকআপ করিয়ে মঙ্গলবার মাথাভাঙা মহকুমা আদালতে তোলা হবে। এবং তদন্তের স্বার্থে তাঁদের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার অন্যতম অভিযুক্ত নাবালিকার বান্ধবী এখনও পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পরপর জেলায় দুটি নাবালিকা নির্যাতনের ঘটনা সামনে আসার পর প্রশ্ন উঠেছে বিজেপি সরকারের আমলেও কি নারী নিরাপত্তা মিলবে না? ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

Comments :0

Login to leave a comment