Nadia Bus Accident

নদিয়ায় বাস দুর্ঘটনায় মৃত দুই, আহত ২৫

জেলা

শনিবার রাতে কৃষ্ণনগর ভাতজাংলা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। ঘটনায় জখম হয়েছেন ২৫ জন। এদিন রাতে নদীয়ায় ১২ নম্বর জাতীয় সড়কে ওভারটেক করতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে একটি যাত্রীবোঝাই বাস।    
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে এদিন রাতে রানাঘাট থেকে যাত্রী বোঝাই করে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি বাস। ভাতজাংলার বসাকপাড়া এফসিআই গোডাউনের সামনে ১২ নম্বর জাতীয় সড়কে একটি লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সজোরে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়।  সাথে সাথে বাসটির ইঞ্জিন আগুন ধরে যাওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনার জেরে বাসের ভিতরে থাকা একাধিক যাত্রী আটকে পড়েন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই আটকে পড়া যাত্রীদের উদ্ধার করার কাজে হাত লাগান। একে একে আহতদের বাসের ভিতর থেকে বের করে আনা হয়। 
আহতদের সাথে সাথে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।‌ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকলের ইঞ্জিন। নিহত এবং আহতদের পরিচয় এখনও জানা যায়নি।‌  দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে কিছু সময় ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচলে ব্যাহত হয়।

Comments :0

Login to leave a comment