রায়না থানার সেহারা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দু’জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হন পরিবারের আরও একজন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। মৃতদের নাম মনোজ মিত্র(৫২) ও আদুরি মিত্র(৩৪)। তাঁরা সম্পের্ক দেওর ও বউদি। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে বাড়ির ছাদে টবে থাকা গাছ থেকে ফুল তুলতে যান মনোজের স্ত্রী সাথী মিত্র। ছাদে কাপড় শুকানোর জন্য লোহার তার টাঙানো রয়েছে। তারটির সঙ্গে বাড়ির কনসিল ওয়্যারিংয়ের তার ঠেকে রয়েছে। কাপড় শুকানোর তারটি তাতে বিদ্যুৎবাহী হয়ে পড়ে। ফুল তোলার সময় কাপড় শুকানোর তার সাথীর মাথায় ঠেকে যায়। তাতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর চিৎকার শুনে জা আদুরি দৌড়ে তাঁকে বাঁচাতে আসেন। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। দু’জনের চিৎকার শুনে বাঁচাতে আসেন সাথীর স্বামী মনোজ। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজনই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তড়িঘড়ি তিনজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক মনোজ ও আদুরিকে মৃত ঘোষণা করেন। এদিনই বর্ধমান মেডিকেল কলেজের মর্গে মৃতদেহ দু’টির ময়নাতদন্ত হয়েছে।
Raina
রায়নায় বিদ্যুৎস্পৃষ্ট মহিলা, বাঁচাতে গিয়ে দেওর-বউদির মৃত্যু
×
Comments :0