Uluberia Municipality

তিন মাসের বেতন বাকি, কর্মবিরতিতে উলুবেড়িয়া পৌরসভার সাফাই কর্মীরা

জেলা

তিন মাসের বকেয়া বেতন মেটানোর দাবিতে ফের কর্মবিরতিতে সামিল হলেন উলুবেড়িয়া পৌরসভার সাফাই কর্মীদের একাংশ। শুক্রবার সকাল থেকে তাঁরা কাজ বন্ধ করে দেওয়ায় শহরের বিভিন্ন এলাকায় জমতে শুরু করে নোংরা-আবর্জনা। বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের কাজও ব্যাহত হয়। ফলে সকাল থেকেই চরম সমস্যায় পড়তে হয় পুর এলাকার বাসিন্দাদের।
বকেয়া বেতনকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই সাফাই কর্মীদের একাংশ কর্মবিরতি শুরু করেছিলেন। এর জেরে শহরের বিভিন্ন রাস্তার পাশে আবর্জনার স্তূপ জমে যায়। পরিস্থিতি সামাল দিতে বুধবার বিকেলে সাফাই কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন পৌরসভার আধিকারিকরা। বৈঠকের পর পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছিল, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে এবং শুক্রবার থেকে কর্মীরা কাজে যোগ দেবেন।
তবে সেই আশ্বাস বাস্তবে কার্যকর না হওয়ায় শুক্রবার সকালেই ফের কর্মবিরতিতে চলে যান সাফাই কর্মীরা। এদিন তাঁদের সঙ্গে যোগ দেন বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের কাজে যুক্ত কর্মীরাও। সকালেই পৌরসভার গাড়িতে করে আবর্জনা সংগ্রহের কাজে যুক্ত কর্মীরা জল প্রকল্পের কাছ থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন। মিছিলটি উলুবেড়িয়া পৌরসভায় এসে পৌঁছলে সেখানে অন্যান্য সাফাই কর্মীরাও তাঁদের সঙ্গে যোগ দেন। পরে কর্মীরা মিছিল করে উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে পৌঁছে বিক্ষোভ দেখান। সেখানে নিজেদের দাবির কথা তুলে ধরেন তাঁরা। পরে সাফাই কর্মীদের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সমস্যার কথা জানান।
সাফাই কর্মীদের অভিযোগ, প্রায় তিন মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। দৈনিক ২০২ টাকা মজুরিতে তাঁরা কাজ করলেও সেই টাকা দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। দৈনিক মজুরি আরও ৪৮ টাকা বৃদ্ধি করা হলেও বর্ধিত টাকাটিও তাঁরা পাননি।
কর্মীদের বক্তব্য, বৃহস্পতিবার বাদে প্রতিদিন সকালেই তাঁরা বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করেন। পাশাপাশি রাস্তার পাশে জমে থাকা নোংরা-আবর্জনাও পরিষ্কার করে শহরকে পরিচ্ছন্ন রাখার কাজ করেন। অথচ সেই সাফাই কর্মীদেরই দীর্ঘদিন বেতন না পাওয়ায় সংসার চালাতে সমস্যায় পড়তে হচ্ছে।
কর্মীদের দাবি, পৌরসভার আধিকারিকরা তাঁদের আশ্বস্ত করেছেন যে চলতি মাসের মধ্যেই বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি কার্যকর না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
অন্যদিকে, উলুবেড়িয়া পৌরসভার এক আধিকারিক জানান, "সাফাই কর্মীদের বেতন সংক্রান্ত একটি সমস্যা তৈরি হয়েছিল। আলোচনার মাধ্যমে সেই সমস্যা মেটানোর চেষ্টা করা হয়েছে। যত দ্রুত সম্ভব কর্মীদের বেতন মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।" 
তাঁর দাবি, শনিবার থেকে সাফাই কর্মীরা ফের কাজে যোগ দেবেন। তবে বকেয়া বেতন কবে মিটবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। 
এই বিষয়ে উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন বিরোধী দলনেতা সাবিরউদ্দিন মোল্লা বলেন, "সাফাই কর্মীরা শ্রম দিয়ে উলুবেড়িয়া পৌরসভা এলাকা পরিস্কার রাখার চেষ্টা করে চলেছে। কিন্তু তাঁরা বেতন তিন মাস ধরে পাচ্ছেন না। তৃণমূল পরিচালিত পৌরবোর্ড ভয়েই হোক বা সেটিং করেই হোক, পালিয়েছে। বিপদে পড়েছে সাফাইকর্মীরা। রাজ্য সরকার প্রশাসক দিয়ে পৌরসভা চালাচ্ছে। অবিলম্বে সাফাই কর্মীদের বকেয়া বেতনের ব্যবস্থা করতে হবে।"

Comments :0

Login to leave a comment