Purulia

টানা বৃষ্টিতে জলমগ্ন পুরুলিয়ার বিভিন্ন এলাকা

জেলা

সোমবার থেকে টানা বৃষ্টির জেরে পুরুলিয়ার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সাধারণত খরাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত পুরুলিয়ায় ভারী বৃষ্টিতে একদিকে যেমন তীব্র গরম ও জলের সমস্যার থেকে মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন, অন্যদিকে বিভিন্ন এলাকায় জল জমে দুর্ভোগও বেড়েছে। এরই মধ্যে জলের তীব্র স্রোতে বাইক-সহ ভেসে যেতে দেখা যায় দুই বাইক আরোহীকে। যদিও স্থানীয় মানুষের তৎপরতায় উদ্ধার হয়েছে দুই ব্যক্তি। বিভিন্ন এলাকায় কজওয়ের উপর দিয়ে বইছে জল। যার ফলে যানবাহন চলাচল সহ-সাধারণ মানুষের যাতায়াত বিঘ্নিত হচ্ছে। 
অপেক্ষাকৃত নিচু এলাকায় ইতিমধ্যে জল জমতে শুরু করেছে। এর পরেও যদি বৃষ্টি হয় তাহলে বহু মানুষ জলমগ্ন হয়ে পড়বেন। এমনিতেই বিভিন্ন জায়গায় নিকাশি ব্যবস্থা একেবারেই নেই। যার ফলে জমা জলে মানুষের দুর্ভোগ আরো বাড়ার আশঙ্কা। মঙ্গলবার পুরুলিয়া জেলায় ঝড় বৃষ্টিপাতের পরিমাণ ৭০.৩৮ মিলিমিটার।
প্রবল বৃষ্টির সময় মঙ্গলবার সকালে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক হয়ে পুরুলিয়ার সাতুরি ব্লকের সুভাষ রোডের কোটালীরের রেলগেটের অদূরে রাস্তা পারাপার সময় আচমকা জলের স্রোতে গাড়ি নিয়ে পড়ে যান এক ব্যক্তি। এই রাস্তার বেশ কিছুটা অংশ জলের তলায় চলে গিয়েছে। রাস্তার উপর দিয়ে প্রবল বেগে জল বইছে। সেই সময় মোটরসাইকেল করে রাস্তা পার হওয়ার চেষ্টা করতেই জলের তীব্র স্রোতে বাইক-সহ ভেসে যান ওই ব্যক্তি। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন।
স্থানীয় মানুষজনের দাবি  জলমগ্ন রাস্তাগুলিতে জলের স্রোত অত্যন্ত তীব্র। ফলে জীবনের ঝুঁকি নিয়ে এই ধরনের রাস্তা পার হওয়ার চেষ্টা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। প্রশাসনের তরফেও জলমগ্ন ও প্রবল স্রোতযুক্ত রাস্তায় চলাচলের ক্ষেত্রে মানুষকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।
পুরুলিয়ার বরাবাজার ব্লকের বামুনডিহা এলাকার কজওয়ের উপর দিয়ে জল বইছে। মঙ্গলবার সকালে এক মোটরসাইকেল আরোহী জলের উপর দিয়ে পার হতে গিয়ে পড়ে যান। স্থানীয় মানুষজনই ওই ব্যক্তিকে উদ্ধার করেছে। পুরুলিয়ার কাশিপুর থেকে  বাঁকুড়া যাওয়ার রাস্তায় ডাংরা সেতুর ওপর দিয়ে বইছে জল। মানবাজার ২  ব্লকের রঘুনাথপুর থেকে আঁকড়ো যাওয়ার রাস্তা এবং বোরো থেকে জয়পুর  যাওয়ার রাস্তায় কজওয়ের উপর দিয়ে বইছে টটকো নদীর জল।

Comments :0

Login to leave a comment