MD SELIM

গণতান্ত্রিক অধিকার প্রসারের লড়াই চালাতে হবে, জ্যোতি বসু স্মরণে আলোচনাসভায় সেলিম

রাজ্য কলকাতা

জ্যোতি বসুকে স্মরণ রেখেই গণতন্ত্রকে প্রসারিত করার সংগ্রাম চালাতে হবে। নয়া ফ্যাসিবাদ মোকাবিলার কাজ চালাতে হবে। শুধু হকার নয় সমাজজীবনে যত অন্যায় নেমে আসবে তার বিরুদ্ধে সংগ্রাম চালাতে হবে।
বুধবার জননেতা প্রয়াত জ্যোতি বসুর জন্মদিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 
এদিন নিউটাউনে জ্যোতি বসু সমাজচর্চা ও গবেষণা কেন্দ্র এই কর্মসূচির আয়োজন করে। মিউজিয়াম এবং আর্কাইভের প্রথম পর্বের উদ্বোধন করেন চিন্তাবিদ অধ্যাপক শমীক বন্দোপাধ্যায়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, প্রবীণ সিপিআই(এম) নেতা সূর্য মিশ্র ও অধ্যাপিকা সঞ্চিতা সান্যাল। সভাপতিত্ব করেন বিমান বসু। বৃক্ষ রোপণ করা হয়। বিশ্বকাপ ফুটবল নিয়ে হওয়া ক্যুইজের পুরস্কার বিতরণ হয়।         
জ্যোতি বসুর জীবন প্রসঙ্গে বলতে গিয়ে দাঙ্গার বিরুদ্ধে তাঁর ভূমিকা, ব্রিটিশ ভারতে কমিউনিস্টদের ওপর নির্যাতনের প্রসঙ্গ মনে করিয়ে দেন। বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার পর রাজনৈতিক বন্দিদের মুক্তি, ভূমিসংস্কার বিকেন্দ্রীকরণ প্রসঙ্গে বলেন। সেলিম বলেন, সত্তর বছরের ঊর্ধ্বে আরএসএস‘র এমন নেতা নেই যিনি বিনা মুচলেকায় ব্রিটিশ ভারতে জেল খেটেছেন, ব্রিটিশের নির্যাতনের শিকার হয়েছেন। কমিউনিস্টদের সেই ঐতিহ্য রয়েছে। 
রাজ্যের সরকারে আসীন বিজেপি সরকার প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখছি ফুল প্রতীকে লড়ে সরকারে এসে বুলডোজার প্রতীক হলো। তিনি বলেছেন যে সম্মতি তৈরি করতে নয়া ফ্যাসিবাদ শ্রমজীবীর এক অংশের সঙ্গে অন্য অংশকে লড়িয়ে দেয়। যেমন ফ্ল্যাট বাড়ির বাসিন্দার কাছে প্রচার করে হকারেদের জন্য তিনি সমস্যায় পড়ছেন। 


বারুইপুরে ধর্ষণে অভিযুক্তকে এনকাউন্টার প্রসঙ্গে সেলিম বলেন, "ভোটের আগেই বিজেপি বলেছিল উত্তর প্রদেশের যোগী মডেল চালু হবে। ‘এনকাউন্টার’ হবে। উত্তর প্রদেশে এনকাউন্টার রাজে কী অপরাধ কমেছে, মহিলাদের বিরুদ্ধে হিংসা কমেছে, প্রশ্ন তোলেন তিনি। সেলিম বলেন, কিশোরী নিখোঁজ জানার পরও তো পুলিশ ব্যবস্থা নেয়নি। তা’হলে পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর তো প্রথমে বলা উচিত যাতে অভিযোগ পেলেই পুলিশ ব্যবস্থা নেয়। তা হলো না। এনকাউন্টার হলো। বিচার প্রক্রিয়াকে অগ্রাহ্য করার এই প্রবণতা সব ক্ষেত্রেই রয়েছে।" 
তিনি বলেছেন, "বগটুইয়ে সাক্ষী এবং অভিযুক্ত সিবিআই হেপাজতে খুন হয়েছে। বগটুইয়ে কারও শাস্তি হয়নি। মুখ্যমন্ত্রীর সহায়ক খুন হয়েছেন। তারপর তদন্ত কী হয়েছে? সিবিআই-র কাছে দেওয়া মানে ঠাণ্ডাঘরে পাঠানো।"

Comments :0

Login to leave a comment