'Chhatra Sangram' stall theme will be Palestine

বইমেলার থিম কান্ট্রি ইজরায়েল হলে, ছাত্রসংগ্রাম স্টলের থিম প্যালেস্টাইন করার ঘোষণা এসএফআই'র

রাজ্য কলকাতা

৫০ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ছাত্রসংগ্রাম স্টলের থিম প্যালেস্টাইন করার সিদ্ধান্ত নিয়েছে এসএফআই। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর প্রথম বইমেলা অর্থাৎ ৫০ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার মূল থিম বন্দেমাতরম এবং থিম কান্ট্রি ইজরায়েল করার প্রস্তাব দেওয়া হয়েছে। বইমেলা উপদেষ্টা কমিটি তরফে সোমবার এমনটাই জানানো হয়েছিল। তারপরই, এসএফআই'র তরফে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। 
এসএফআই'র তরফে বলা হয়, কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি যদি হয় গণহত্যাকারী ইজরায়েল, ছাত্রসংগ্রাম স্টলের থিম হবে মুক্তিসংগ্রামী প্যালেস্টাইন। সেইসঙ্গে, ভারতের বিদেশ নীতির ঐতিহাসিক ধারায় প্যালেস্তাইনের মুক্তিসংগ্রামের পাশে শেষতক থাকার বার্তাও দিয়েছে এসএফআই। 


এবারের বইমেলার জন্য এসএফআই'র তরফে যা কিছু প্রকাশ করা হবে তার মধ্যে প্যালেস্টাইনের মুক্তিসংগ্রামের ইতিহাস, প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে কলকাতার রাজপথে এসএফআই'র সংহতির বার্তাকেও রাখা হবে। পাশাপাশি, প্যালেস্টাইনের মুক্তিসংগ্রাম কেন্দ্রিক সিনেমার প্রদর্শনীও করবে এসএফআই। 
এই বিষয়ে ছাত্রসংগ্রাম পত্রিকার সম্পাদক সৌভিক দাসবক্সী বলেন, " নতুন উপদেষ্টা কমিটি গঠনের মাধ্যমে বিজেপি কতৃক বইমেলা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এবার ইজরায়েলকে থিম কান্ট্রি করার ঘোষণা করা আসলে দেশের মতো বইমেলা তথা রাজ্যের সংস্কৃতিমনস্কতার উপর স্বৈরতান্ত্রিক পরিবেশ কায়েম করার চেষ্টা। আমাদের দেশের বিদেশ নীতি  বারংবার প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে। বিজেপি সেই বিষয়টিতেই ভাঙ্গন ধরানোর চেষ্টা করছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের স্পষ্ট বক্তব্য আমরা প্যালেস্তাইনের মুক্তিসংগ্রামের পাশে রয়েছি, আমরা সেই বার্তায় দিতে চাইছি।" 
 

Comments :0

Login to leave a comment