শঙ্কর ঘোষাল : বর্ধমান
‘লাখ টাকার লক্ষ্মী লাভ‘ তো হলোই না, উলটে চরম বিশৃঙ্খলায় পদপিষ্ট হয়ে অসুস্থ হয়ে অল্পের জন্য রক্ষা পেলেন একাধিক মহিলা।
রবিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অডিশনকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ছড়াল বর্ধমানের বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলে। গেট খোলার পর অডিশন দিতে আসা মহিলাদের মধ্যে শুরু হয় তুমুল হুড়োহুড়ি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বর্ধমান থানার বিশাল পুলিশবাহিনী। হুড়োহুড়িতে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন মহিলা। জখম অন্তত তিনজনকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। কারো মাথা ফেটেছে, কারো হাত ভেঙেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত মাঝপথেই বন্ধ করে দেওয়া হয় এদিনের অডিশন।
জানা গিয়েছে, অডিশন দেওয়ার জন্য সকাল থেকেই বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের সামনে ভিড় জমাতে শুরু করেন মহিলারা। শুধু বর্ধমান নয়, দীঘা, পুরী, কাঁথি, সিঙ্গুর, হরিপাল, কোচবিহার, মেদিনীপুর, সুন্দরবন সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার প্রতিযোগী অডিশন দিতে আসেন। তাঁদের অনেকেই আগের রাত থেকে স্কুলের সামনে অপেক্ষা করছিলেন। কেউ কেউ আবার দু’দিন আগেই এসে লাইনে দাঁড়িয়েছিলেন বলে দাবি।
এক প্রতিযোগী পল্লবী অধিকারীর অভিযোগ, সকাল থেকেই লাইনে ভিড় বাড়তে থাকে। বেলা বাড়ার পর গেট খোলা হলে একসঙ্গে বহু মানুষ ভিতরে ঢোকার চেষ্টা করেন। তারপরই শুরু হয়ে যায় হুড়োহুড়ি।
অন্য এক প্রতিযোগী টুম্পা মালিকের দাবি, সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত অডিশন হওয়ার কথা ছিল। কিন্তু, সুনির্দিষ্ট লাইন বা শৃঙ্খলার ব্যবস্থা না থাকায় পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে।
Comments :0