Elephant Attack

হাতির হামলায় যুবকের মৃত্যু ডুয়ার্সে

জেলা

ডুয়ার্সে বন্যপ্রাণীর হামলায় ফের মৃত্যুর ঘটনা ঘটল। বৃহস্পতিবার ভোরে হাতির হামলায় মৃত্যু হয়েছে এক তরুণের। মৃত যুবকের নাম সুরজ ওরাওঁ(২৭)। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মাটিয়ালি ব্লকের উত্তর ধূপঝোরা মূর্তি ফরেস্ট বস্তি এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গেছে, এদিন ভোরে যখন এলাকায় বৃষ্টি পড়ছিল, সেই সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ি থেকে বের হন সুরজ। আচমকাই পার্শ্ববর্তী গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি লোকালয়ে ঢুকে তাঁর সামনে চলে আসে। কিছু বুঝে ওঠার আগেই হাতিটি সুরজকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণের। কিছুক্ষণ এলাকায় দাপিয়ে হাতিটি পুনরায় জঙ্গলে ফিরে যায়।
ঘটনার খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান মূর্তি বিট ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহটি জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
এলাকার নিরাপত্তা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে স্থানীয় বাসিন্দা সাবুল হক বলেন, "এলাকায় হাতির উপদ্রব মারাত্মক বেড়ে গেছে। আমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি। আজ ভোরে বৃষ্টির মধ্যে ছেলেটি যখন বাইরে বের হয়, তখন হাতিটি ওঁকে আক্রমণ করে। বনদপ্তরের উচিত এই এলাকায় নজরদারি আরও বাড়ানো, যাতে আর কোনো প্রাণ অকালে ঝরে না যায়।"

Comments :0

Login to leave a comment