বৃষ্টির রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে বুনো হাতির কবলে পড়ে প্রাণ হারালেন এক যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের চানাডিপা এলাকায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আকাশ ওঁরাও (২৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে দুরামারি বাজার থেকে নিজের বাড়িতে ফিরছিলেন আকাশ। সেই সময় এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই চানাডিপা এলাকায় আচমকা একটি বুনো হাতি তাঁর পথ আটকায়। অন্ধকার ও বৃষ্টির কারণে হাতিটিকে আগেভাগে দেখতে না পাওয়ায় পালানোর সুযোগ পাননি ওই যুবক। হাতিটি সরাসরি তাঁর ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই পিষে মৃত্যু হয় আকাশের।
বৃষ্টির বেগ কিছুটা কমলে স্থানীয় বাসিন্দারা হাতিটিকে এলাকা থেকে তাড়াতে গিয়ে রাস্তার ওপর ওই যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
ঘটনার খবর দেওয়া হয় বন দফতরেও। খবর পেয়ে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড এবং মরাঘাট রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বন দফতর সূত্রে জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী মৃত যুবকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। তবে ডুয়ার্সের জনবসতি এলাকায় বারবার হাতির হানা ও প্রাণহানির ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে।
Elephant Attack
ফের ডুয়ার্সে হাতির হামলায় যুবকের মৃত্যু
×
Comments :0