অবশেষে স্বস্তি ডুয়ার্সের চা বলয়ে।বানারহাট ব্লকের গয়েরকাটা চা বাগানের ১০ নম্বর সেকশনে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচাবন্দি হল। সোমবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। চিতাবাঘটি ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাগানের শ্রমিক থেকে শুরু করে সাধারণ বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে গয়েরকাটা চা বাগানের ১০ নম্বর সেকশনে কাজ করতে যাওয়ার সময় আচমকাই একটি চিতাবাঘের ভয়াবহ গর্জন শুনতে পান চা শ্রমিকরা।গর্জন শুনেই আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই চিতাবাঘের উপদ্রব বেড়েছিল। শ্রমিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে আগেই বন দফতরের তরফে ১০ নম্বর সেকশনে একটি লোহার খাঁচা পাতা হয়েছিল। টোপ হিসেবে খাঁচার ভেতর ছাখল রাখা হয়েছিল। সেই টোপের খাঁচায় ঢোকে চিতাবাঘটি এবং বন্দি হয়ে পড়ে।
বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান।বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, চিতাবাঘটি সুস্থ ও পূর্ণবয়স্ক। সেটিকে চিকিৎসার জন্য লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।স্বাস্থ্য পরীক্ষার পর সুস্থ থাকলে চিতাবাঘটিকে আবার ডুয়ার্সের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে। এদিকে চিতাবাঘটি ধরা পড়ায় সাময়িকভাবে আতঙ্ক কাটলেও,বাগানের অন্যান্য সেকশনে আরও চিতাবাঘ থাকতে পারে বলে আশঙ্কা করছেন শ্রমিকরা।
Leopard
গয়েরকাটা চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ
×
Comments :0