টিউশন পড়িয়ে বাড়ি ফেরার পথে রাস্তার উপর ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহশিক্ষকের মৃত্যু। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা প্রায় তিন ঘণ্টা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখালেন। পরে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক এবং পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি-১ গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গী এলাকায়। মৃতের নাম রাজেন্দ্র মাহাতো (৩৫)। চৌরঙ্গী এলাকার বাসিন্দা রাজেন্দ্র গৃহশিক্ষকতা করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে টিউশন পড়িয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছিল।চৌরঙ্গী বাজার সংলগ্ন রাস্তায় আগে থেকেই একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। বৃষ্টির মধ্যে তা দেখতে না পেয়ে রাজেন্দ্র বাইক নিয়ে তারের উপর দিয়ে যাওয়ার সময় তারে জড়িয়ে যান। ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে।
ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই পুরোনো ও বিপজ্জনক বিদ্যুতের তার বদলের দাবি জানানো হয়েছিল। এই নিয়ে বিদ্যুৎ দপ্তরে লিখিতভাবে জানানো হলেও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। বাসিন্দাদের অভিযোগ, দপ্তরের গাফিলতির জেরেই এই মর্মান্তিক মৃত্যু।
খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয়রা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি ছিল, বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে এসে পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট জবাব না দেওয়া পর্যন্ত দেহ সরাতে দেওয়া হবে না।
প্রায় তিন ঘণ্টা পর বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা এবং ধূপগুড়ি থানার আইসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সঙ্গে কথা বলে তাঁরা এলাকায় বিপজ্জনক বিদ্যুৎ লাইন দ্রুত মেরামতের আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দা সুজিত রায় বলেন, দপ্তরকে বারবার জানানো সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া মেনে মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান।
আশ্বাসের পর বিক্ষোভ ওঠে। পুলিশ রাজেন্দ্রর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ অব্যাহত রয়েছে।
Electrocution
বিদ্যুতের তারে জড়িয়ে গৃহশিক্ষকের মৃত্যু, গাফিলতির অভিযোগে দেহ আটকে ক্ষোভ
×
Comments :0