ED Raid

তৃণমূল সাংসদ নাদিমুল হকের সংবাদপত্রের দপ্তরে ইডির হানা

রাজ্য

কলকাতা, দিল্লি ও রাঁচিতে একযোগে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের সঙ্গে যুক্ত একটি উর্দু দৈনিককে ঘিরে দায়ের হওয়া অর্থপাচার মামলার তদন্তেই এই অভিযান বলে ইডি সূত্রে জানা গিয়েছে।
সোমবার কলকাতা, দিল্লি ও ঝাড়খণ্ডের রাঁচিতে মোট প্রায় সাতটি জায়গায় তল্লাশি চালান ইডির আধিকারিকরা। নাদিমুল হক ওই সংবাদপত্রের প্রকাশক সংস্থা ‘আখবার-ই-মাশরিক প্রাইভেট লিমিটেড’-এর ডিরেক্টর। ৫৬ বছর বয়সি নাদিমুল হক সাংবাদিক ও ব্যবসায়ী হিসেবেও পরিচিত।
ইডি সূত্রের খবর, ‘আখবার-ই-মাশরিক’ নামে প্রকাশিত উর্দু দৈনিকটির বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন বিষয় প্রকাশ ও প্রচারের অভিযোগ রয়েছে। পাশাপাশি সংবাদপত্রটির সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনে হিসাব-বহির্ভূত নগদ টাকার ব্যবহার এবং সন্দেহজনক উৎস থেকে অর্থ পাওয়ার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় বিধাননগর পুলিশ কমিশনারেটের দায়ের করা একটি এফআইআর-এর ভিত্তিতে অর্থপাচার প্রতিরোধ আইন (PMLA)-এর আওতায় মামলা দায়ের করেছে ইডি। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই সোমবারের এই তল্লাশি বলে জানা গিয়েছে।
তবে ইডির অভিযানের বিষয়ে এখনও পর্যন্ত নাদিমুল হক বা তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, ‘আখবার-ই-মাশরিক’-এর ওয়েবসাইটে সংবাদপত্রটির দীর্ঘ ঐতিহ্যের কথা তুলে ধরা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, চার দশকেরও বেশি সময় ধরে সংবাদপত্রটি ‘নির্ভীক সাংবাদিকতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং পাঠকদের প্রতি নিরলস দায়বদ্ধতা’র সঙ্গে কাজ করে আসছে।

Comments :0

Login to leave a comment