basirhat

গেস্ট হাউসের আড়ালে অসাধু কারবার, চাঞ্চল্য বসিরহাটে

জেলা

বসিরহাট শহরের বুকে গেস্ট হাউসের আড়ালে দেহব্যবসা চালানোর অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বসিরহাট থানার নৈহাটি মোক্তার বটতলা এলাকায় শহীদ দিনেশ মজুমদার রোডের পাশে রয়্যাল গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে এই ধরনের কারবার চলছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই এই গেস্ট হাউসের কার্যকলাপের উপর নজর রাখছিলেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, গেস্ট হাউসের ব্যবসার আড়ালে সেখানে নিয়মিত দেহব্যবসার আসর বসত। এদিন বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে বসিরহাট থানার পুলিশ।
স্থানীয়দের দাবি, এই মোক্তার বটতলা এলাকা বসিরহাট শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। কাছেই রয়েছে বসিরহাট জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল। পাশাপাশি রয়েছে একাধিক বেসরকারি নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার এবং বিভিন্ন চিকিৎসা পরিষেবা কেন্দ্র। সীমান্তবর্তী এলাকা এবং সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বহু মানুষ চিকিৎসার জন্য বসিরহাটে আসেন। চিকিৎসার কারণে অনেককেই রাতে শহরে থাকতে হয়। সেই সুযোগেই গেস্ট হাউসগুলিতে অসাধু কারবার চালানো হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
বাসিন্দাদের অভিযোগ, সাধারণ মানুষের থাকার সুবিধার কথা মাথায় রেখে গড়ে ওঠা ছোট ছোট গেস্ট হাউসগুলির প্রতি পুলিশ প্রশাসনের পর্যাপ্ত নজরদারির অভাব রয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী হোটেল বা গেস্ট হাউসের ব্যবসার আড়ালে অনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। তাঁদের দাবি, শুধু একটি গেস্ট হাউস নয়, শহরের বিভিন্ন প্রান্তে থাকা ছোট-বড় গেস্ট হাউসগুলির উপরও প্রশাসনের নিয়মিত নজরদারি করা প্রয়োজন।
এলাকাবাসীদের আরও দাবি, গেস্ট হাউসগুলি, বসিরহাট শহরের হোটেলগুলিতে কারা আসছেন, তাদের পরিচয় নথিভুক্ত করা হচ্ছে কিনা এবং সেখানে কোনও বেআইনি কার্যকলাপ চলছে কিনা, সেসব বিষয়ে প্রশাসনের তরফে নিয়মিত নজরদারি বাড়ানো হোক। হাসপাতাল ও নার্সিংহোম সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযোগ যাতে আর না ওঠে, তার জন্য কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কী পদক্ষেপ করেছে এবং গেস্ট হাউস কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে। তবে বসিরহাট শহরের গুরুত্বপূর্ণ এলাকায় গেস্ট হাউসের আড়ালে এমন অভিযোগ ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক নজরদারি নিয়ে।

Comments :0

Login to leave a comment