Landslide

গরুবাথানে ধস, প্রাণে বাঁচলেন বাইকচালক সহ পর্যটকরা

জেলা

ভয়াবহ ধসের হাত থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক মোটরবাইক চালক সহ একাধিক পর্যটকেরা। কালিম্পঙ জেলার গরুবাথান ব্লকের অন্তগত বিন্দুর কাছে ঘটনাটি ঘটেছে। পাহাড়ের একাংশ হুড়মুড়িয়ে নেমে আসছে পাহাড়ের গা বেয়ে সোমবার সামাজিক মাধ্যমে এই ভয়াবহ ধসের ভিডিও ছড়িয়ে পড়তেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার ভারত—ভূটান সীমান্তবর্তী বিন্দু এবং জলঢাকার মাঝামাঝি ভূপাল অঞ্চলে আচমকাই পাহাড়ের একাংশ হুড়মুড়িয়ে ধসে পড়ে। সেই সময় ওই রাস্তায় স্থানীয় বাসিন্দা সহ বেশ কয়েকজন পর্যটকও যাওয়া আসা করছিলেন। কোনরকমে প্রাণে বাঁচেন তারা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও—তে দেখা গেছে পাহাড় ভেঙে ধস নামার ঠিক আগের মূহুর্ত্বেই সেখান থেকে কোনক্রমে সরে আসেন এক বাইক চালক। মূহুর্ত্বেই পাথরে বড় চাঁই মাটির চাঙর পাহাড়ের গা বেয়ে ভেঙে পড়ে মূল সড়কের ওপর। যদিও ঘটনায় হতাহতের কোন খবর নেই। 
একমাত্র সংযোগকারী এই রাস্তায় ভয়াবহ ধসের কারণে বিন্দু এলাকাটি দেশের বাকি অংশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই সেখানে বেড়াতে যাওয়া বেশ কয়েকজন পর্যটক আটকে পড়েছেন বলে খবর মিলেছে। ইতোমধ্যেই স্থানীয় প্রশাসক উদ্ধার কাজে নেমে পড়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা এবং কালিম্পঙের বিধায়ক ভারত ছেত্রী। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ও পর্যটকদের নিরাপত্তার প্রয়োজনে সতর্কতা অবলম্বনের জন্য প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। দ্রুততার সাথে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন। 
কালিম্পঙের জেলা শাসক কুহুক ভূষণ জানিয়েছেন, একটি বড় ধস নামার ঘটনা ঘটেছে বিন্দুতে। মূল যোগাযোগের সড়কটি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার কার্য শুরু হয়েছে। সাময়িকভাবে ওই পথে যাতায়াত বন্ধ রাখা হয়েছে। হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যল বলেন, পাহাড়ে টানা বৃষ্টির কারণেই এই বড় ধসের ঘটনা ঘটেছে। পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েছেন। সামনে উৎসবের মরশুম। এমন ধরনের ঘটনায় যাতে পর্যটকদের মনে উদ্বেগের সৃষ্টি না হয় সেকারণে প্রশাসনকে বিষয়টির ওপর নজর দেবার কথা বলেন। 

Comments :0

Login to leave a comment