টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেসে (TISS) ছাত্র সংসদ ভেঙে মনোনীত 'স্টুডেন্টস কাউন্সিল' গঠনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাল এসএফআই । বিবৃতি দিয়ে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং সভাপতি আদর্শ এম সাজি বলেছএন, ২০২৩ সালে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার পর থেকেই পরিকল্পিত ভাবে পড়ুয়াদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে।
এসএফআই-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বিবৃতিতে জানিয়েছে, ২০০৮ সালে দীর্ঘ লড়াইয়ের পর টিআইএসএস-এ ছাত্র সংসদ প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১২ সালে লিংডোহ কমিটির সুপারিশ মেনে পড়ুয়াদের মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠানের নিয়ম সংশোধিত হয়। কিন্তু গত এপ্রিল মাসে কোন আলোচনা ছাড়াই সেই নির্বাচিত সংসদ ভেঙে দেয় কর্তৃপক্ষ।
বর্তমানে যে ‘স্টুডেন্টস কাউন্সিল’ গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে, তাকে 'প্রহসন' বলে অভিহিত করেছেন ছাত্র নেতৃত্ব। তাদের অভিযোগ নতুন ব্যবস্থায় কোন কেন্দ্রীয় সমন্বয়কারী কমিটি থাকবে না। ফিন্যান্স বা কালচারাল কমিটির মতো গুরুত্বপূর্ণ শাখাগুলিতে কারা থাকবেন, তা ঠিক করবে কর্তৃপক্ষ। এমনকি অনির্বাচিত সদস্যদেরও সেখানে যুক্ত করার ক্ষমতা রাখা হয়েছে কর্তৃপক্ষের হাতে। পড়ুয়াদের থেকে সংগৃহীত ফি বা ফান্ডের টাকা কীভাবে খরচ হবে, সে বিষয়ে কোন স্পষ্ট রূপরেখা নেই।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সামাজিক বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে টিআইএসএস একটি অগ্রগণ্য প্রতিষ্ঠান। কিন্তু বর্তমানে একে আরএসএস-বিজেপি এই প্রতিষ্ঠানকে নিজেদের নীতি প্রয়োগের গবেষণাগার হিসেবে ব্যবহার করতে চাইছে।
এসএফআইয়ের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, ‘প্রশাসনের অনুগত কোন কাউন্সিল নয়, আমরা চাই স্বচ্ছতা ও দায়বদ্ধতা সম্পন্ন নির্বাচিত ছাত্র সংসদ। অবিলম্বে টিআইএসএস স্টুডেন্টস ইউনিয়নকে ফিরিয়ে দিতে হবে।’ সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে দাবি না মানা হলে দেশ জুড়ে তারা আন্দোলনে নামবেন।
TISS
টিআইএসএস-এ ছাত্র সংসদ ভেঙে দেওয়ার প্রতিবাদে সোচ্চার এসএফআই
×
Comments :0