Suvendu Adhikari

মোদীর জন্মদিন ঘিরে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’, বাংলায় প্রদীপ জ্বালানোর ডাক শুভেন্দুর

রাজ্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘সেবা সংকল্প অভিযান’। একই সঙ্গে ওই দিন রাজ্যের বাড়ি, প্রতিষ্ঠান ও মন্দিরে প্রদীপ জ্বালানোর জন্যও রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে শুভেন্দু অধিকারী জানান, মোদীর ‘জনসেবার যাত্রা’ স্মরণ করতেই মাসব্যাপী এই কর্মসূচির আয়োজন। বিজেপির তরফে ইতিমধ্যেই দেশজুড়ে একই ধরনের ‘সেবা সংকল্প অভিযান’-এর ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে রক্তদান ও চিকিৎসা শিবির, পরিচ্ছন্নতা অভিযান, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে যোগাযোগ এবং সরকারের বিভিন্ন কাজ তুলে ধরার নানা আয়োজন।
শুভেন্দুর দাবি, চলতি বছরটি বিশেষ তাৎপর্যপূর্ণ। অক্টোবর মাসে মোদীর জনজীবনে ২৫ বছর পূর্ণ হবে। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নির্বাচিত জনপ্রতিনিধির রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল। সেই সূত্রেই এক মাস ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের এই পর্বকে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে বিজেপি।
তবে বিরোধীদের কাছে এই কর্মসূচি নিয়ে প্রশ্ন উঠতে পারে সরকারি প্রশাসন ও রাজনৈতিক প্রচারের সীমারেখা নিয়েও। মোদীর জন্মদিন এবং তাঁর রাজনৈতিক জীবনের ২৫ বছর পূর্তিকে কেন্দ্র করে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে প্রচার, প্রদীপ জ্বালানো এবং বিভিন্ন জনসংযোগমূলক কর্মসূচি কতটা দলীয় রাজনৈতিক প্রচারের অংশ তা নিয়েই তৈরি হতে পারে বিতর্ক।
জাতীয় স্তরে বিজেপির ঘোষিত কর্মসূচিতে ‘সেবা দিবস’ হিসেবে ১৭ সেপ্টেম্বর রক্তদান শিবির আয়োজনের পাশাপাশি ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচিও রাখা হয়েছে। এছাড়া যুবদের নিয়ে বিভিন্ন কর্মসূচি এবং সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের অভিজ্ঞতা তুলে ধরার পরিকল্পনাও রয়েছে।
পশ্চিমবঙ্গেও শুভেন্দু অধিকারীর ঘোষণার ফলে মোদীর জন্মদিনকে ঘিরে বিজেপির সাংগঠনিক কর্মসূচি আরও জোরদার হতে চলেছে। আগামী এক মাস ধরে ‘সেবা’, ‘সুশাসন’ এবং গরিব মানুষের কল্যাণের বার্তা সামনে রেখে একাধিক কর্মসূচি চালানোর কথা বলা হয়েছে।

Comments :0

Login to leave a comment