চৈত্রের শেষে বাড়তে চলেছে গরমের দাপট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টির কোনও বড় সম্ভাবনা নেই, বরং তাপমাত্রা আরও বাড়বে।
আবহাওয়া দফতর সূত্রে খবর উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক গরম হাওয়া ঢুকছে। এর ফলে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাতাসে আর্দ্রতাও বাড়ছে, যা গরমের অস্বস্তিকে আরও বাড়িয়ে তুলছে। ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অস্বস্তিকর গরম বজায় থাকবে। যদিও কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাতে তাপমাত্রা কমার বদলে উল্টে অস্বস্তি আরও বাড়তে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়ছে। আগামী কয়েক দিনে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ বাড়বে।
ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁয়েছে। সপ্তাহের মাঝামাঝি তা ৩৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে বলে পূর্বাভাস।
আবহাওয়া দফতরের মতে এখন বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
এই পরিস্থিতিতে বিশেষ সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না বেরোনো পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পর্যাপ্ত জল পান করা এবং হালকা পোশাক পরার পরামর্শ দিয়েছেন তারা।
Weather
বাড়বে গরমের দাপট
×
Comments :0