AHSD opposes contractual basis recruitment

চুক্তিতে চিকিৎসক, নার্স নিয়োগের ঘোষণা স্বাস্থ্য মন্ত্রীর, বিরোধিতা এএইচএসডি’র

রাজ্য

রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে শূন্য পদ ভরতে চুক্তিতে নিয়োগের ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রী। নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানালেও চুক্তিভিত্তিক প্রক্রিয়ার বিরোধিতা করেছে সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস (এএইচএসডি)। সংগঠনের দাবি, সরকারি নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করে স্থায়ী নিয়োগেই করা উচিত। দাবি জানিয়ে চিঠিও দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখার্জিকে। 
স্বাস্থ্য মন্ত্রীর বক্তব্য, পিএসি’র মাধ্যমে নিয়োগ সময়সাপেক্ষ। কিন্তু চিকিৎসক, নার্স এ স্বাস্থ্যকর্মীর অভাব দ্রুত মেটানো জরুরি। তাই সেই সময়কালে চুক্তিভিত্তিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করা হবে। এদিকে এএইচএসডি’র সাধারণ সম্পাদক ডাঃ উৎপল ব্যানার্জি স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখার্জিকে চিঠি লিখে তাঁদের বক্তব্য জানিয়েছেন। 
এএইচএসডি বলেছে যে, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে শূন্যপদে নিয়োগের ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। এটি এএইচএসডি'র দীর্ঘদিনের দাবি ছিল। কিন্তু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে আমরা জানতে পেরেছি যে, পিএসসির মাধ্যমে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় দেড় বছর সময় লাগতে পারে এবং এই অন্তর্বর্তীকালীন সংকট মোকাবিলার জন্য চিকিৎসকদের চুক্তিভিত্তিক নিয়োগের কথা বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, শারদ্বত মুখার্জি বলেন যে চিকিৎসকের অভাব কেবল নয়, অভাব রয়েছে নার্সেরও। পাশাপাশি বিভিন্ন কাজে স্বাস্থ্য কর্মীদের গুরুতর অভাব রয়েছে। তাঁর বক্তব্য, সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্থায়ী নিয়োগ হতে অনেকটা সময় প্রয়োজন। সেক্ষেত্রে দেড় বছরেরও বেশি সময় লেগে যেতে পারে। চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের অভাব যে পর্যায়ে রয়েছে ততদিন অপেক্ষা করা সম্ভব নয়। সে কারণেই চুক্তিভিত্তিক চিকিৎসকের স্বাস্থ্য কর্মী নিয়োগ করতে হবে।
স্বাস্থ্য দপ্তরের বক্তব্য, দুই হাজার চিকিৎসক, প্রায় দশ হাজার নার্স প্রয়োজন। সেই সঙ্গে স্বাস্থ্যকর্মীও নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে।
অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস বলেছে, অতীতের প্রশাসনিক অভিজ্ঞতার ভিত্তিতে বলা যায় চুক্তিভিত্তিক নিয়োগ ব্যবস্থা জনস্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোনও কার্যকর বা দীর্ঘস্থায়ী সুফল বয়ে আনতে ব্যর্থ হয়।
চুক্তিভিত্তিক নিয়োগের ওপর নির্ভর না করে, আমরা সরকারের কাছে জোরালো আবেদন জানাচ্ছি যে, চিকিৎসকদের তীব্র সংকট নিরসনে জরুরি ভিত্তিতে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হোক। 
সংগঠনের বক্তব্য, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য সংক্ষিপ্ত সময়সীমা নির্ধারণ করা হোক।

Comments :0

Login to leave a comment