KMC

বেনজির ‘পৌর অধিবেশন’ কলকাতায়, গরহাজির তৃণমূলের একগুচ্ছ কাউন্সিলর

কলকাতা

কলকাতা কর্পোরেশনে নজিরবিহীন ঘটনা। অধিবেশন কক্ষ না খোলার ফলে কাউন্সিলর ক্লাবেই বসে ‘অধিবেশন‘ সারলেন তৃণমূল কাউন্সিলররা। বৃহস্পতিবার রাতেই অধিবেশন বাতিলের চিঠি পৌঁছে যায় কাউন্সিলরদের কাছে। চিঠিতে সই ছিল কলকাতা কর্পোরেশেনের সচিব স্বপন কুমার কুণ্ডুর। 
শুক্রবার কাউন্সিলর ক্লাবে তৃণমূল কাউন্সিলরদের বক্তব্য, মাসে একবার অধিবেশন না করলে সাংবিধানিক সংকট দেখা দেবে। তবে অভিযোগ, কলকাতা কর্পোরেশনের কমিশনার স্মিতা পাণ্ডেকে না জানিয়ে মেয়র পরিষদের বৈঠক হয়। নিয়ম অনুযায়ী এই বৈঠকের পর হয় অধিবেশন। সেই অধিবেশন ডাকেন কলকাতা কর্পোরেশনের চেয়ারপার্সন, যিনি নিজেও একজন কাউন্সিলর। কিন্তু কমিশনার হিসেবে নিযুক্ত সরকারি আধিকারিককে মেয়র পরিষদের বৈঠকের বিষয়ে না জানানোয় জটিলতা তৈরি হয়েছে। যার জন্য প্রাথমিকভাবে দায়ী কলকাতা কর্পোরেশনের তৃণমূল পরিচালিত পৌর বোর্ড।
শুক্রবার নজরকাড়া ঘটনা হলো, তীব্র দ্বন্দ্বের মধ্যেও তৃণমূলের কাউন্সিলরদের প্রায় অর্ধেক হাজিরই হননি কর্পোরেশনে। আবার এদিনই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কালীঘাটে কলকাতার তৃণমূল কাউন্সিলরদের বৈঠক হয়। সেখানেও অনুপস্থিত কাউন্সিলরদের সংখ্যা বেশ বড় বলে জানা গিয়েছে।
ঘটনা সূত্রপাত হয় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার। কলকাতা কর্পোরেশনের কমিশনার স্মিতা পাণ্ডে মেয়র পরিষদ বৈঠক ডাকা নিয়ে উষ্মা প্রকাশ করেন। তিনি সচিব স্বপন কুমার কুণ্ডুর কাছে জানতে চান কেন এই বৈঠক তাঁকে না জানিয়ে ডাকা হয়েছে। সচিব জানান, আইন মেনেই সবটা করা হয়েছে। তারপরই মাসিক অধিবেশন বাতিলের নির্দেশিকা প্রকাশ করেন কর্পোরেশনের সচিব স্বপন কুমার কুন্ডু। এই নির্দেশিকার পরই স্বপন কুমার কুন্ডুকে সরিয়ে দেয় রাজ্য সরকার। 
কর্পোরেশনের চেয়ারপার্সন ও তৃণমূল কাউন্সিলর মালা রায়ের অভিযোগ, তাঁকে না জানিয়ে মাসিক অধিবেশন বাতিল করা হয়েছে। তিনি বলেন, অধিবেশন ডাকার এক্তিয়ার একমাত্র চেয়ারপার্সনেরই রয়েছে। 
বৃহস্পতিবার অধিবেশনের সময় অর্থাৎ দুপুর দুটোয় অধিবেশন কক্ষের বাইরে জড়ো হন চেয়ারপার্সন, মেয়র ডেপুটি মেয়র সহ তৃণমূল কাউন্সিলররা। তবে এই টালমাটাল পরিস্থিতির মধ্যেও তৃণমূলের বহু কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। সংখ্যাটা অর্ধেকের বেশি বলে জানা গিয়েছে। যাঁরা ছিলেন তাঁরা অধিবেশন কক্ষ না খোলার প্রতিবাদে কাউন্সিলর ক্লাবে ‘অধিবেশন’ করেন।  
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা কর্পোরেশনের চেয়ারপার্সন মালা রায় বলেন, "কলকাতা কর্পোরেশনের আইন অনুযায়ী অধিবেশন ডাকার এক্তিয়ার চেয়ারপার্সনেরই রয়েছে। সেইমতো শুক্রবার  অধিবেশন ডাকা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে কোনও কারণ ছাড়াই চিঠি পাঠিয়ে অধিবেশন স্থগিত করে দেওয়া হয়। আমি কারণ জানার জন্য নতুন সচিবকে চিঠি দিয়েছি।‘‘ 
কলকাতা কর্পোরেশনের সিপিআই(এম) কাউন্সিলর নন্দিতা রায় জানিয়েছেন যে অধিবেশন স্থগিত হয়ে যাওয়ার চিঠি গতকাল রাতে তিনি পেয়েছেন। তিনি বলেছেন, "গতকাল সন্ধ্যায় কর্পোরেশনের সচিবের চিঠি আমার কাছে আসে। সেখানে বলা হয় আজকের অধিবেশন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এছাড়াও কর্পোরেশন থেকে ফোন করে এই স্থগিত করার সিদ্ধান্ত জানানো হয়েছে।‘‘ 
রায় বলেন, ‘‘তৃণমূল পরিচালিত বোর্ড হঠাৎ করে কাউন্সিলর ক্লাবে অধিবেশন করেছে তা জানি না। কর্পোরেশনের সচিবের চিঠি অনুযায়ী আজ অধিবেশন স্থগিত, সেটিই মেনে চলেছি। পরবর্তীতে আমরা মনে করলে অধিবেশন না হওয়ার কারণ কলকাতা কর্পোরেশনের কমিশনারের থেকে লিখিতভাবে জানতে চাইব।

Comments :0

Login to leave a comment