এক জরি শ্রমিকের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা! ব্যাঙ্কে গিয়ে হতবাক ওই অ্যাকাউন্টের মালিক কাশ্মীরা শেখ। কুলতলির কুন্দখালি গোদাবর অঞ্চলের কীর্তনখোলার বাসিন্দা তিনি। হতদরিদ্র পরিবার। কোনমতে তাঁদের সংসার চলে। এই বিপুল পরিমাণ টাকা তাঁর অ্যাকাউন্টে কিভাবে এলো কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার ব্যালেন্স দেখে দুশ্চিন্তায় রয়েছেন তিনি ও তাঁর পরিবার।
জানা গিয়েছে, এক সপ্তাহ আগে রান্নার গ্যাস বুকিং করেন তিনি। ডেলিভারির পর ভর্তুকির ৩০০ টাকা অ্যাকাউন্টে এসেছে কিনা বুঝতে পাসবুক আপডেট করতে ব্যাঙ্কে যান তিনি। শুক্রবার আপডেট করার পর অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে তাঁর চক্ষু ছানাবড়া হয়। তিনি দেখেন তাঁর অ্যাকাউন্টে প্রায় ১০০ কোটি টাকার ব্যালেন্স দেখানো হচ্ছে। ৯৯ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৭ টাকা ব্যালেন্স দেখাচ্ছে।
পেশায় জরি শ্রমিক স্বামীকে সঙ্গে নিয়ে কাশ্মীরা শেখ রাষ্ট্রায়ত্ব ওই ব্যাঙ্কের শাখায় বিষয়টি জানান। তাঁদের কথায়, ব্যাঙ্কের ম্যানেজার তাঁদের এই অভিযোগ গুরুত্বই দেয়নি। তাঁদেরকে বাড়ি ফিরে যেতে বলে। বর্তমানে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ রয়েছে। নিজেদের জমানো অর্থও তাঁরা তুলতে পারছেন না। এই সমস্যার সমাধান কিভাবে হবে কিছুই বুঝে উঠতে পারছেন না এই দরিদ্র পরিবার। এক অনিশ্চয়তার অন্ধকারে রয়েছেন তাঁরা।
Kultali
কুলতলির শ্রমিকের স্ত্রীর অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা! বন্ধ লেনদেন, উদ্বেগে পরিবার
×
Comments :0