মীর আফরোজ জামান: ঢাকা
ভারত ও বাংলাদেশ সীমান্তে আবারও পুশইনের চেষ্টা। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অভিযোগ করেছে রবিবার ভোর রাতে বিএসএফ বেশ কয়েকজনকে জোরপূর্বক বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করানোর চেষ্টা করেছে। বিজিবি’র দাবি বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অভিযোগ বাংলাদেশের দিনাজপুরের বিরামপুর, ঝিনাইদহের মহেশপুর ও ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ২২ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে স্থানীয় লোকজনের সহযোগিতায় বিজিবি বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এই ঘটনার পর সীমান্তগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি’র তরফে জানানো হয়েছে দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৯ জন মহিলাকে জোর করে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তাদের চেষ্টা নস্যাৎ করে ৯ জনকে আবার ভারতে ফেরত পাঠিয়েছে বিজিবি। রবিবার ভোরে উপজেলার খিয়ারমামুদপুর সীমান্তে ২৯১/২০ এস সীমানা পিলারের পাশে এ ঘটনা ঘটে। ওই মহিলাদের গুজরাটের আমেনাবাদ থেকে নিয়ে আসা হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিজিবি ও গ্রামবাসী সূত্র জানায়, ভোর সাড়ে ৪টে দিকে খিয়ারমামুদপুর গ্রামে দুই দেশের সীমানার ২৯১/২০ এস পিলারের পাশ দিয়ে ভারত থেকে ৯ মহিলা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীদের সহযোগিতায় বিজিবি তাদের ধাওয়া করে ভারতে পাঠিয়ে দেন। এর পর থেকে ওই ৯ মহিলা ২৯১/২০ এস পিলারের পাশে ভারতের অভ্যন্তরে শ্রীরামপুর এলাকার একটি বাঁশঝাড়ের নিচে অবস্থান করছেন।
ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম জানান, ‘‘ ভোর ৪টে নাগাদ ভারত থেকে ৯ জনকে খিয়ারমাহমুদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিষয়টি বিজিবি এবং স্থানীয় লোকজন টের পেয়ে প্রতিহত করে। বর্তমানে ওই ৯ মহিলা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বিজিবিও সতর্ক।
শনিবার ভোরে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। উপজেলার সামন্তা সীমান্তের পাখরাইল এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির বাধায় বিএসএফের সেই চেষ্টা সফল হয়নি। পরে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। দুপুরের পর থেকে ওই ছয় ব্যক্তিকে আর দেখা যায়নি। বিজিবি জানিয়েছে, ভোর ৫টা নাগাদ সীমান্ত পিলার ৫৫/এমপি বরাবর অবস্থিত গেট দিয়ে ৫৯ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। যাদের মধ্যে চারজন পুরুষ এবং দুজন মহিলা। বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবির সামন্তা বিওপির টহল দলের নজরে আসে বিষয়টি। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ রফিকুল আলম বলেন, সার্বিক বিষয় বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সামন্তা সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাত ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির টহল দলের তৎপরতায় ওই চেষ্টাও ব্যর্থ হয়েছে। রবিবার ভোরে ফেনী ব্যাটালিয়নের (৪বিজিবি) শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর কাছে দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানিয়েছে ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহল দল সাতজনকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।
আব্দুর রহমান নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘সীমান্ত এলাকার কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর জন্য জড়ো হওয়ার খবর বিজিবিকে জানানো হলে বিজিবি সদস্যরা গিয়ে প্রতিহত করেন। এক পর্যায়ে তারা আবার ভারতের অভ্যন্তরে ঢুকে যায়।’’ ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জোর করে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তা প্রতিহত করেন। তিনি আরও বলেন, অবৈধ অনুপ্রবেশ, পুশইন কিংবা সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Push-In Attempt
ফের বিএসএফ’র পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি
×
Comments :0