Bangladesh Rail Coaches

ভারত থেকে ২০০টি রেল কোচ পাচ্ছে বাংলাদেশ

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা
বাংলাদেশে ভারত থেকে রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ আনা হচ্ছে। আগামী আগস্টের শুরু থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে কোচগুলি সরবরাহ করা হবে বলে বাংলাদেশ রেলওয়ে সুত্রে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় ভারতের রাষ্ট্রায়ত্ত রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস (রাইটস)’র সঙ্গে ৯১৫ কোটি রুপির আওতায় ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এই কোচগুলো সরবরাহের কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। চুক্তি করে বাংলাদেশ সরকার। প্রকল্পটির অর্থায়নে সহায়তা দিচ্ছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)।
বর্তমানে ভারতের পাঞ্জাবের কাপুরথালা রেল কারখানায় কোচগুলো নির্মাণের কাজ চলছে। যদিও ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রকল্পটির কাজ সাময়িকভাবে স্থগিত হয়েছিল। পরে ২০২৬ সালের মে মাসে পুনরায় নির্মাণকাজ শুরু হয়।
এর আগে রাইটস’র সঙ্গে চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়েকে ১২০টি ব্রডগেজ এলএইচবি যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করা হয়েছিল। প্রথম চালান হিসেবে ২০টি কোচ খুব শিগগিরই বাংলাদেশে পাঠানো হবে।
রাইটস ভারতের রেল মন্ত্রণালয়ের অধীন একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। সংস্থাটি রেল, মহাসড়ক, বিমানবন্দর ও নগর পরিবহন অবকাঠামো উন্নয়ন এবং ভারতীয় রেলের রোলিং স্টক রপ্তানির কাজ পরিচালনা করে।
এদিকে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে আগামী সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে। ২০০৮ সালে চালু হওয়া এই ট্রেনটি পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে প্রায় ৩৭৫ কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় নয় ঘণ্টায় ঢাকা পৌঁছাত। তবে ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর ট্রেনটির চলাচল স্থগিত করা হয়।

Comments :0

Login to leave a comment