BJP

রাজ্যসভার প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর বিজেপিতে আনুষ্ঠানিক যোগদান কোয়েলের

রাজ্য কলকাতা

রবিবার বিজেপির পক্ষ থেকে রাজ্যসভার প্রার্থী হিসাবে কোয়েল মল্লিকের নাম ঘোষণা করা হয়েছিল। সোমবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করলেন কোয়েল মল্লিক। মুরলীধর সেন লেনের বিজেপির রাজ্য সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। রাজ্য বিজেপি সাধারণ সম্পাদিকা শশী অগ্নিহোত্রীর উপস্থিতিতে তিনি যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে রাজ্য বিজেপির নেতৃত্ব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবা, উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর নিরলস কাজ এবং পশ্চিমবঙ্গে গত কয়েক মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে, তাতে অনুপ্রাণিত হয়েই কোয়েল মল্লিক বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন। আগামী দিনে দেশের ও পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং মানুষের সেবায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করা হয়।
কোয়েল মল্লিক বলেন, রাজ্যসভার সদস্য হওয়ার সুযোগ পাওয়া তাঁর কাছে অত্যন্ত সম্মানের এবং একইসঙ্গে বড় দায়িত্বের বিষয়। দেশের মানুষের কল্যাণ ও সেবার কাজে আরও বৃহত্তর পরিসরে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। এই দায়িত্বের জন্য তিনি নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, গত কয়েক মাসে বাংলায় উন্নয়নের যে কাজ শুরু হয়েছে, তা দেখে তিনি অত্যন্ত আনন্দিত। পশ্চিমবঙ্গের মানুষ রাজ্যের উন্নয়ন চান এবং আরও বেশি কাজ ও কর্মসংস্থানের সুযোগ চান। তার মতে, কর্মসংস্থানের অভাব থেকেই সমাজে হতাশা ও নানা ধরনের নেতিবাচকতা তৈরি হয়। তাই মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করা এবং প্রত্যেকের জন্য উন্নত শিক্ষার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।
কোয়েল মল্লিক আরও বলেন, তিনি কারও সম্পর্কে খারাপ কথা বলতে চান না। যারা তাকে বা অন্যদের আক্রমণ করছেন, তাদের প্রতিও তার কোনও রাগ নেই। 
তৃণমূল কংগ্রেসে তার অতীত রাজনৈতিক যোগদানকে ‘ভুল সিদ্ধান্ত’ হিসেবে দেখেন কি না এই প্রশ্নের উত্তরে কোয়েল মল্লিক বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের মতো করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করে। তিনি কোনও রাজনৈতিক দল বা ব্যক্তিকে ছোট করতে চান না। তবে বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত হতে পেরে তিনি নিজেকে অত্যন্ত গর্বিত ও সৌভাগ্যবান মনে করছেন এবং মানুষের উন্নয়নের কাজে আরও বৃহত্তর পরিসরে অংশ নিতে চান।
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলী রাজ্যসভার সাংসদদের পথ থেকে ইস্তফা দেন কোয়েল। তার ছেড়ে আসা আসনে নির্বাচন হবে ১৬ অক্টোবর। জুলাই মাসে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পরে ভুপেন্দ্র যাদবের সাথে দেখা করেন কোয়েল। সেই সময় থেকে শুরু হয় জল্পনা।
এর আগে একইভাবে সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াইক, সুখেন্দুশেখর রায়দের মতো তৃণমূল সাংসদরা সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করে ফের রাজ্যসভার সাংসদ হয়েছেন।

Comments :0

Login to leave a comment