ডুয়ার্সে বেড়াতে এসে নিখোঁজ হওয়া বিহারের এক পর্যটকের মৃতদেহ অবশেষে জলঢাকা নদী থেকে উদ্ধার হল। মঙ্গলবার সকালে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি এলাকায় নদীতে ভাসতে থাকা দেহ দেখতে পেয়ে স্থানীয় মৎস্যজীবীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করেন।
মৃত পর্যটকের নাম রাজেশ কুমার (৩৮)। তিনি বিহারের সমস্তিপুর জেলার কেসো নিজামত এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পরিবার ও সহযাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিহার থেকে ৬৭ জনের একটি পর্যটক দল ডুয়ার্সের মূর্তি এলাকায় বেড়াতে আসে। পর্যটক দলের সদস্যরা একটি রিসোর্টে ওঠেন। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে রাজেশ কুমার আচমকাই নিখোঁজ হয়ে যান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না মেলায় বিষয়টি মেটেলি থানায় জানানো হয়।
তদন্তে নেমে পুলিশ রিসোর্টের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। তাতে দেখা যায়, গভীর রাতে তিনি রিসোর্টের পিছনের সিঁড়ি দিয়ে নেমে মূর্তি নদীর দিকেই হেঁটে যাচ্ছেন। এরপর থেকেই তাঁর খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়।
তল্লাশিতে পুলিশ, বনদপ্তরের কর্মী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা যৌথভাবে অংশ নেন। দুর্গম এলাকায় অনুসন্ধানের জন্য কুনকি হাতি, ড্রোন এবং স্নিফার ডগও ব্যবহার করা হয়। নদীর বিভিন্ন অংশ এবং সংলগ্ন বনাঞ্চলে একাধিক দিন ধরে তল্লাশি চালিয়েও তাঁর কোনো সন্ধান মেলেনি।
অবশেষে নিখোঁজ হওয়ার ছয় দিন পর ময়নাগুড়ির আমগুড়ি এলাকায় জলঢাকা নদীতে তাঁর দেহ উদ্ধার হওয়ায় দীর্ঘ অনুসন্ধানের অবসান ঘটে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে তদন্তকারী আধিকারিকদের অনুমান। মর্মান্তিক ঘটনায় মৃতের পরিবার, সহযাত্রী পর্যটক এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
Body Recovered
ডুয়ার্সে ঘুরতে এসে নিখোঁজ বিহারের পর্যটকের দেহ উদ্ধার
×
Comments :0